কানাডার হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে সচ্ছতা চায় কানাডা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আগামী নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে কানাডার হাইকমিশনার লিলি নিকোলাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
দুপুর দেড়টার দিকে রাষ্ট্রদূতের গাড়িটি কার্যালয়ে প্রবেশ করে এবং ৩টা ১০ মিনিটে বেরিয়ে যায়।
পরে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
বিএনপির এ নেতা বলেন, বাংলাদেশে সচ্ছভাবে আগামী নির্বাচন হোক- সে বিষয়ে কানাডা অত্যন্ত দৃঢভাবে তাদের অবস্থানের কথা জানিয়েছে। মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার, জীবনের নিরাপত্তা, আইনের শাসনকে অত্যন্ত গুরুত্ব দেয় কানাডা। এসব বিষয়ে কানাডাসহ বিশ্বের আরো কিছু দেশের অবস্থান অত্যন্ত দৃঢ়। দেশগুলো সরকারকে বিভিন্ন সময় বলে আসছে যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে।
আমির খসরু বলেন, বৈঠকে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, মানবাধিকার পরিস্থিতি, আগামী নির্বাচন, আইনের শাসন, জীবনের নিরাপত্তা ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে সার্বিক আলাপ হয়েছে। মানবাধিকার বিষয়ে কানাডার পক্ষ থেকেই উদ্বেগের কথা জানানো হয়েছে। মানবাধিকারের নিয়ে সারা বিশ্বের গণতন্ত্রকামী দেশ, মাল্টিলেটারেল বডি ও মানবাধিকার সংস্থার গুরুত্ব অনেক বেশি, গণতন্ত্রের ওপর তাদের গুরুত্ব অনেক বেশি।
কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে নির্বাচন ইস্যুতে কী কথা হয়েছে তা জানতে চাইলে আমির খসরু বলেন, সেটা তো এখানে বলতে পারবো না। এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন।
উল্লেখ্য, আজকের বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও আমির খসরু মাহমুদ চৌধুরী ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/এসএএম//



