Garments Export to EU

ইইউতে বাংলাদেশ থেকে পোশাক রফতানির পথ কঠিন হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: টেকসই ও পরিবেশবান্ধব পোশাক পণ্যের আমদানি নিশ্চিত করতে গ্রিন ডিলের উদ্যোগ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যা দ্রুতই বাস্তবায়নের কথা রয়েছে। মূলত পরিবেশের ওপর পোশাক শিল্পের বিরূপ প্রভাব মোকাবেলা করতেই এ উদ্যোগ। তবে সংশ্লিষ্টরা বলছেন, এ নীতি বাস্তবায়ন শুরু হলে প্রাথমিক অবস্থায় ইইউতে বাংলাদেশের পোশাক রফতানির পথ সাময়িক সময়ের জন্য হলেও কঠিন হবে। কেননা গ্রিন ডিলে শিশুশ্রম, সামাজিক স্থিতিস্থাপকতা, নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব দেয়া হবে। বাংলাদেশের পোশাক খাতে যে বিষয়গুলো এতদিন বেশ উপেক্ষিতই থেকে এসেছে।

সোমবার রাজধানীতে ‘৩৭তম আইএএফ ওয়ার্ল্ড ফ্যাশন কনভেনশন ২০২২’ শীর্ষক সম্মেলনের আলোচনায় গ্রিন ডিল ও ভবিষ্যৎ বাণিজ্য পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয় উঠে আসে।

দিনব্যাপী এ সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘ট্রান্সফরমিং ফ্যাশন টুগেদার’। প্রারম্ভিক সেশনের পর তিনটি প্যানেল আলোচনার আয়োজন করা হয়। 

প্রথম প্যানেলে ক্রেতা ও সরবরাহকারীর মধ্যে সম্পর্ক এবং টেকসই পণ্য সরবরাহের ক্ষেত্রে কর্মী ও প্রতিষ্ঠানের জন্য লাভজনক পরিস্থিতি সৃষ্টির জন্য করণীয় সম্পর্কে আলোচনা হয়। 

দ্বিতীয় প্যানেলের আলোচনায় উঠে আসে সরবরাহ চেইনের সীমাবদ্ধতার সঙ্গে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত লক্ষ্যগুলোর সম্পর্কের বিষয়ে। বক্তারা বলেন, বিনিয়োগের ক্ষেত্রে সব পক্ষের আন্তরিকতা থাকা প্রয়োজন। সেই সঙ্গে লেনদেনের সম্পর্কও স্বচ্ছ হওয়া উচিত। 

তৃতীয় প্যানেলের আলোচনায় টেকসই শিল্প খাত ও অধিক লাভের জন্য শিল্পকে ডিজিটাল করার পূর্বশর্ত হিসেবে উঠে আসে। নতুন বিনিয়োগকারীরা যেন সঠিক জায়গায় বিনিয়োগ করতে পারেন ও সব ক্ষেত্রে সরকারের নিয়মানুযায়ী কাজ করেন সেসব বিষয় নিয়েও আলোচনা হয়।

প্রারম্ভিক সেশনে মূল প্রবন্ধে ইউরোটেক্সের মহাপরিচালক ডার্ক ভ্যান্টিঘেম বলেন, অনেক বছর কাজ করে ইউরোপীয় ইউনিয়ন বৈশ্বিক টেক্সটাইলস খাতের বিষয়ে একটি ফ্রেমওয়ার্ক করেছে। তারা একটি মিশন, ভিশন ঠিক করেছে। ইইউ পরিবেশের ওপর প্রভাবের বিষয়ে অনেক বেশি সচেতন। এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্যও। তাই তারা গ্রিন ডিলের বিষয়টি অনেক গুরুত্বের সঙ্গে নিয়েছে। এ ডিলের মূল কেন্দ্রবিন্দু হলো কীভাবে টেক্সটাইল খাতের ক্ষতিকর প্রভাব থেকে পরিবেশকে রক্ষা করা যায়। এটি আমাদের খুব ভাবাচ্ছে। ইইউর এ পদক্ষেপ গোটা বিশ্বের সরবরাহ চেইনের ওপর প্রভাব ফেলবে। আমরা যদি চাই উন্মুক্ত সীমানার মতো বাণিজ্য করব তাহলে সবাইকে একই নিয়ম মানতে হবে।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)