নরসিংদীতে বাস-ট্রাক সংঘর্ষে চালক-হেলপার নিহত
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলায় বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মাছবাহী ট্রাকটিতে থাকা আরো ছয় যাত্রী।
মঙ্গলবার ভোরে উপজেলার নীলকুঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ধর্মতীর্থ দিঘীরপাড়া গ্রামের ধনঞ্জয় চন্দ্র দাশের ছেলে সানন্দ দাস (৫৫) ও একই উপজেলার চৌরাগুধা গ্রামের ইসমাইল মিয়ার ছেলে মো. রেনু মিয়া (৬৬)।
ভৈরব হাইওয়ে পুলিশ জানিয়েছে, ভোরে রায়পুরার নিলকুঠি এলাকায় চাকার হাওয়া বেরিয়ে যাওয়ায় বিআরটিসি কোম্পানির একটি বাস দাঁড় করিয়ে রাখা ছিল। এ সময় কিশোরগঞ্জের ভৈরবমুখী একটি যাত্রীবাহী বাস বিআরটিসির বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। একই সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা নরসিংদীর ইটাখোলাগামী একটি মাছভর্তি পিকআপ ঐ বাস দুটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত হন ১০ জন।
স্থানীয়রা খবর দিলে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসে। আহতদের হাসপাতালে ভর্তির জন্য পাঠায়।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিনিয়োগবার্তা/এসএইচআর/এসএল//



