যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভর্তিতে ১৩তম স্থানে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: এবারের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১০ হাজার ৫৯৭ জন বাংলাদেশি শিক্ষার্থী মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন, যার ফলে আগের শিক্ষাবষের্র ১৪তম স্থান থেকে বাংলাদেশ ১৩তম স্থানে উঠে এসেছে।
ঢাকাস্থ মার্কিন দূতাবাস ১৪-১৮ নভেম্বর আন্তর্জাতিক শিক্ষাসপ্তাহ (আইইডব্লিউ) উদযাপন উপলক্ষে জানায়, আন্তর্জাতিক শিক্ষা বিনিময়ের ওপর ‘ওপেন ডোর রিপোর্টে অন ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ’ শীর্ষক প্রতিবদেন অনুযায়ী ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১০ হাজার ৫৯৭ জন বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছেন।’
মঙ্গলবার (১৫ নভেম্বর) দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা তিনগুণেরও বেশি বেড়েছে।
২০১১-২০১২ শিক্ষাবর্ষে এই সংখ্যা ছিল ৩ হাজার ৩১৪ জন। স্বাধীনতার পর বাংলাদেশ ১৯৭৪-১৯৭৫ শিক্ষাবর্ষে ৪৮০ জন শিক্ষার্থীকে মার্কিন যুক্তরাষ্ট্রে পড়তে পাঠায়।
রাষ্ট্রদূত পিটার হাস বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছে। যুগান্তকারী গবেষণায় জড়িত হওয়া থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠানমালার মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা ক্যাম্পাসের জীবনকে সমৃদ্ধ করে যুক্তরাষ্ট্র জুড়ে তাদের কৃতিত্বের ছাপ অব্যাহত রেখেছে। আরো বেশি সংখ্যক বাংলাদেশী শিক্ষার্থী যুক্তরাষ্ট্রকে বেছে নেওয়ায় আমরা উচ্ছ্বসিত।’
বিনিয়োগবার্তা/এমআর//



