মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
গুলিস্তান শপিং কমপ্লেক্সে চুক্তির শর্ত ভঙ্গ ও হয়রানিতে আইনি ব্যবস্থা গ্রহণের সুপারিশ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাভুক্ত গুলিস্তান শপিং কমপ্লেক্স ভবনে যারা চুক্তির শর্ত ভঙ্গ করে দোকান পরিচালনা এবং অবৈধ ভাবে মামলা দায়ের করে হয়রানির চেষ্টা করছেন তাদেরকে উচ্ছেদ করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একইসাথে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মামলা পরিচালনাকারী আইনি উপদেষ্টার নিয়োগপত্রটি অবিলম্বে বাতিল করার সুপারিশ করা হয়।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) একাদশ জাতীয় সংসদের ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩২তম বৈঠক কমিটির সভাপতি শাজাহান খান এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এবং মোছলেম উদ্দিন আহমদ বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে রাজধানী সুপার মার্কেট উন্নয়ন এবং গুলিস্তান শপিং কমপ্লেক্স বিষয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ও ডেভলপারের সাথে চুক্তি বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
‘‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন’’ শীর্ষক বীরনিবাস নির্মাণ
প্রকল্পটি স্থানীয় পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ মনিটর করবেন এবং ভিজিট বই সংরক্ষণ করবেন এ মর্মে কমিটি কর্তৃক মতামত প্রদান করা হয়।
শহিদ মুক্তিযোদ্ধা এবং অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণের সমাধিস্থল সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করে সমাধির বাউন্ডারি নির্মাণ ও নামফলক স্থাপনে ক্রটিসমূহ সনাক্ত করে প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বে অবহেলার জন্য কারণ দর্শানোর নোটিশ প্রেরণসহ আইনানুগ শান্তিমূলক ব্যবস্থা গ্রহণের ব্যাপারে মতামত ব্যক্ত করা হয়। নামফলক নির্মাণ প্রকল্পটি Commonwealth War Cemetery এর আদলে পুনর্বিন্যস্ত করার সুপারিশ করা হয়।
বিগত বৈঠকের সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় দেশের
কয়েকটি এলাকায় বীর মুক্তিযোদ্ধাদের সমাধির নামফলকের লেখা মুছে যাওয়া এবং সমাধির দেয়াল ভেঙ্গে পড়ার ব্যাপারে সরেজমিনে তদন্ত করে রিপোর্ট প্রদানের জন্য ইতঃপূর্বে গঠিত সাব-কমিটি বাতিল করে সংসদীয় কমিটির সদস্যগণের সমন্বয়ে নতুন সাব-কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, বিভিন্ন সংস্থা প্রধানগণসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/এমআর//



