ডিজিটাল উদ্ভাবনী মেলা প্রাণিসম্পদমন্ত্রী

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ ডিজিটাল হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ ডিজিটাল হয়েছে। আলোকবর্তিকা হাতে নিয়ে শেখ হাসিনা বাংলাদেশ ও বাঙালি জাতিকে সমৃদ্ধ জাতিতে পরিণত করেছেন।

তিনি বলেন, যারা ডিজিটাল বাংলাদেশকে বিদ্রুপ করতো তারাই এখন ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিচ্ছে। একটি দল সরাসরি ডিজিটাল বাংলাদেশকে বিদ্রুপ করতো, সেই দলের দণ্ডপ্রাপ্ত আসামিরা বিদেশে বসে ডিজিটাল কানেকশনে এ দেশে রাজনীতি করছে। 

শুক্রবার (১৮ নভেম্বর) পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাণিসম্পদমন্ত্রী এসব কথা বলেন।


প্রধান অতিথির বক্তব্যে শ ম রেজাউল করিম বলেন, এখন কচিকাচা বাচ্চারাও মোবাইল ফোন, ট্যাব, কম্পিউটার চালাতে অভ্যস্ত হয়ে গেছে। এটাই আমাদের ডিজিটাল বাংলাদেশের দৃশ্যমান অবস্থা। করোনাকালে ডিজিটাল ব্যবস্থা না থাকলে আমাদের দেশ স্থবির হয়ে যেত। ডিজিটাল বাংলাদেশের কারণেই আমরা ঘরে বসে অফিস করতে পেরেছি, দেশ সচল রয়েছে। 

তিনি বলেন, পিরোজপুরে খুব শিগগিরই বড় আকারের আইটি পার্ক স্থাপন করা হবে। এতে আইসিটি প্রতিমন্ত্রী সম্মতি দিয়েছেন। পাঁচ থেকে সাত একর জায়গায় আইটি পার্কটি হবে। আমাদের ছেলে-মেয়েরা এখানে প্রশিক্ষণ নিয়ে দক্ষ জনশক্তি হিসেবে কাজ করতে পারবে। 

পিরোজপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাধবী রায় প্রমুখ।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)