মেহেরপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

অপার সম্ভাবনার নাম ডিজিটালাইজেশন ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ডিজিটাইজেশনের কারণে অনিয়ম ও দুর্নীতি ব্যাপকভাবে রোধ করা সম্ভব হয়েছে। এতে সাধারণ মানুষের ভোগান্তিও কম হচ্ছে। তাই ডিজিটালাইজেশন ব্যবস্থা তরুণ প্রজন্মের কাছে এক অপার সম্ভাবনার নাম।

শনিবার (১৯ নভেম্বর) মেহেরপুরে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এবারের প্রতিপাদ্য ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’।

প্রতিমন্ত্রী বলেন, দেশে এখন ই-পাসপোর্ট হচ্ছে। ই-পাসপোর্টের মাধ্যমে ১৫ সেকেন্ডের মধ্যে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হচ্ছে। এতে সাধারণের ভোগান্তি কম হচ্ছে। বিশ্বে টেকনোলজিতে যে দেশ যত অগ্রসর, সেই দেশ তত উন্নত। বাংলাদেশ ডিজিটাইজেশনে অনেক উন্নত হয়েছে। ডিজিটাল ডিভাইস, কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে অনেক কঠিন কাজ আমরা সহজ করে ফেলেছি। কৃষি, শিক্ষা, গবেষণা, গৃহ, কলকারখানা-সব কিছুই এখন ডিজিটাইজড হয়েছে। ডিজিটাইজেশনের ওপর বর্তমান সরকার ব্যাপক কাজ করেছে। সরকারের বিভিন্ন দফতর এ সংক্রান্ত কর্মসূচি হাতে নিয়ে সেবা দিয়ে যাচ্ছে।

ফরহাদ হোসেন বলেন, ইউনিয়ন পর্যায়ে তথ্যসেবা কেন্দ্রের মাধ্যমে সরকারের কয়েকশ সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও চাকরির ক্ষেত্রে আবেদন, বাইরের দেশের সঙ্গে যোগাযোগ, অনলাইনে বিদ্যুৎ, গ্যাস, পানির বিল পরিশোধ, টেলিমেডিসিন ও কৃষিসহ সব ধরনের সমস্যার সমাধান অনলাইনেই করা যাচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাইজেশনের মাধ্যমে যেকোনো কঠিন ভাষাও এখন সহজ হয়ে গেছে। তাই ডিজিটালাইজেশন ব্যবস্থা তরুণ প্রজন্মের কাছে এক অপার সম্ভাবনা। মহিলাবিষয়ক, আইসিটি, টিটিসিসহ বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রশিক্ষণ নিয়ে দেশে এবং বিদেশে সম্মানজনক কাজ করার পরিবেশ সরকার সুযোগ করে দিয়েছে। তাই এসব প্রশিক্ষণ নিয়ে দেশের উন্নয়নে কাজ করার জন্য তরুণ প্রজন্মকে আহ্বান জানান তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন- মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মো. রাফিউল আলম, মেহেরপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সাবেক এমপি মকবুল হোসেন প্রমুখ।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)