শামসুল হক টুকু

সংবিধানের মর্যাদা অক্ষুণ্ন রেখে রাজনীতি করতে হবে

নিজস্ব প্রতিবেদক: ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, জাতীয়  নির্বাচন অনুষ্ঠানে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। দেশের সর্বোচ্চ আইন সংবিধান। দেশ পরিচালনা, নির্বাচনী প্রক্রিয়া ও সবার অধিকার সংরক্ষণের সকল আইন এখানে লিপিবদ্ধ আছে। আওয়ামী লীগ আইনের প্রতি সবসময়ই শ্রদ্ধাশীল। সবাইকে সংবিধানের মর্যাদা অক্ষুণ্ন রেখে রাজনীতি করতে হবে। 

শনিবার (১৯ নভেম্বর) পাবনার সাঁথিয়া উপজেলার ফাতেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে চতুর্থতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। এ সময় তিনি ২টি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন ঘোষণা করেন।

ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়ার ও ২১০০ সালের ডেল্টা পরিকল্পনা তৈরি করেছেন। আজকের শিক্ষার্থীদের বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস ও  জ্ঞানে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের দেশের সর্বোচ্চ আইন সংবিধানকে ভালোভাবে জানতে হবে এবং সংবিধানের আলোকে নাগরিক জীবন পরিচালনা করতে হবে।

শামসুল হক টুকু বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব। আর নারী শিক্ষার প্রসারে আওয়ামী লীগ সম্ভাব্য সবই করে যাচ্ছে। নারীর ক্ষমতায়নে অভূতপূর্ব সাফল্য অর্জন করায় প্লানেট ৫০-৫০-সহ অনেক আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন শেখ হাসিনা।

আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত ফাইনাল ম্যাচের উদ্বোধনের সময় ডেপুটি স্পিকার বলেন, যুব সমাজকে মাদকমুক্ত, সুস্থ-সবল মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলাকে তৃণমূলে ছড়িয়ে দিতে হবে। যুব উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, ষাটের দশকে এ এলাকায় লাঠিবাড়ি খেলার ব্যাপক প্রচলন ছিল। লাঠিবাড়ি খেলার মাধ্যমে মানুষ নিজেদের আত্মরক্ষার কৌশল শিখেছিল যার সফল প্রয়োগ ঘটায় পাকিস্তানি জান্তাদের বিরুদ্ধে।

বিদ্যালয়ের সভাপতি মো. আবু ইউনুসের সভাপতিত্বে পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক বেলায়েত হোসেন বিল্টু, সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেন, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাসান আলী খান বক্তব্য রাখেন। এছাড়া সাঁথিয়ার স্থানীয় আওয়ামী লীগ নেতারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)