পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
বন্ধ সার কারখানাগুলো চালু ও উৎপাদন বৃদ্ধির ব্যবস্থা গ্রহণের সুপারিশ
নিজস্ব প্রতিবেদক: সার আমদানী না করে বন্ধ সার কারখানাগুলো দ্রুত সময়ের মধ্যে চালুকরণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
রবিবার (২০ নভেম্বর) একাদশ জাতীয় সংসদের ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৯তম বৈঠক কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য হাফিজ আহমদ মজুমদার, মনজুর হোসেন এবং আদিবা আনজুম মিতা বৈঠকে অংশগ্রহণ করেন।
সভাপতির বিশেষ আমন্ত্রণে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ড. মোঃ শামসুল আলম বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে জুলাই ২০১৬ থেকে জুন ২০২০ পর্যন্ত ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নকালে শিল্প মন্ত্রণালয় থেকে সমাপ্ত প্রকল্পসমূহের উপর আইএমইডি কর্তৃক প্রদত্ত মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ি গৃহীত ব্যবস্থার বাস্তবায়ন অগ্রগতি এবং জুলাই ২০১৬ থেকে জুন ২০২১ পর্যন্ত সময়ের মধ্যে শিল্প মন্ত্রণালয় থেকে গৃহীত উন্নয়ন প্রকল্পসমূহের ভৌত ও আর্থিক অগ্রগতি সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।
বৈঠকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি না করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সমাপ্ত করার জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করে।
এছাড়া, শিল্প এলাকার ক্ষতিকর শিল্প বর্জ্য সরাসরি প্রাকৃতিক পানির উৎসে যুক্ত হওয়া বন্ধ করে সরাসরি পরিবেশ বান্ধব ব্যবস্থাপনার লক্ষ্যে একটি কেন্দ্রীয় বর্জ্য প্রক্রিয়াকরণ প্ল্যান্ট স্থাপন ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
পরিকল্পনা বিভাগের সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব, শিল্প শক্তি বিভাগের সদস্য, পরিকল্পনা কমিশনের সদস্য, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অতিরিক্ত সচিব, পরিকল্পনা মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা প্রধানগণ এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/এমআর//



