প্রযুক্তির সঙ্গে মানুষের মেলবন্ধন তৈরিতে কাজ করছি
নিজস্ব প্রতিবেদক: নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, ডিজিটাল বাংলাদেশের টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে ২০৩০ সালের মধ্যে মডেল এসডিজি রাষ্ট্র এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। আমরা প্রযুক্তি দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবন এবং প্রযুক্তির সঙ্গে মানুষের মেলবন্ধন তৈরিতে কাজ করছি।
রবিবার (২০ নভেম্বর) নড়াইল সদর উপজেলা পরিষদ চত্বরে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। দুটি প্যাভিলিয়নের মাধ্যমে ২০টি স্টলে মেলা প্রদর্শিত হচ্ছে। সোমবার সন্ধ্যায় মেলাটি শেষ হবে।
মাশরাফী বিন মোর্ত্তজা বলেন, প্রযুক্তিবান্ধব নানা উদ্ভাবনের মাধ্যমে নাগরিক জীবনকে আরো সহজ, সমৃদ্ধ ও স্মার্ট করে গড়ে তুলতে এ মেলার আয়োজন। প্রযুক্তি নির্ভর জীবনযাত্রায় জনসম্পৃক্ততা বৃদ্ধিই এ মেলার লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন- নড়াইল সদরের ইউএনও সাদিয়া ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান, নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ মোহাম্মদ শামীম হোসেন প্রমুখ।
এর আগে, উপজেলা পরিষদ চত্বর থেকে মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আলোচনা সভায় মিলিত হয়।
বিনিয়োগবার্তা/এমআর//



