সাবেক অর্থ প্রতিমন্ত্রী শাহ মোহাম্মদ আবুল হোসেন আর নেই
নিজস্ব প্রতিবেদক: সাবেক অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী শাহ মোহাম্মদ আবুল হোসেন আর নেই।
সোমবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ মাগরিব গুলশান আজাদ মসজিদে মরহুমের নামাজের জানাজা শেষে বনানী কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।
শাহ মোহাম্মদ আবুল হোসেন বাংলাদেশ কাস্টমসে সংগ্রাহক হিসাবে কাজ করেছিলেন। তিনি ১৯৯৬ সালের জুন মাসে বাংলাদেশের সাধারণ নির্বাচনে বাংলাদেশ জাতীয় সংসদে নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালের নির্বাচনে তিনি আবারও সংসদে নির্বাচিত হন। তিনি দ্বিতীয় খালেদা মন্ত্রিসভায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
বিনিয়োগবার্তা/এসএএম//



