সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ভ্রাম্যমান লাইব্রেরির কার্যক্রম চলমান রাখার সুপারিশ
নিজস্ব প্রতিবেদক: বিশ্বসাহিত্য কেন্দ্র কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান লাইব্রেরি’র কার্যক্রম চলমান রাখার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
রবিবার (২৭ নভেম্বর) একাদশ জাতীয় সংসদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩০তম বৈঠক কমিটির সভাপতি সিমিন হোসেন (রিমি) এমপি এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী কে এম খালিদ, কাজী কেরামত আলী, অসীম কুমার উকিল, সুবর্ণা মুস্তাফা এবং শেরীফা কাদের বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বিগত সভার সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি; বর্তমান স্থায়ী কমিটির ১১ ও ১২তম বৈঠকে প্রদত্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও সুপারিশসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের চলমান প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।
বৈঠকে অর্থ প্রাপ্তি সাপেক্ষে প্রত্যেক উপজেলায় অফিস ভাড়া করে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করে।
বৈঠকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে প্রকল্পের কাজগুলো সম্পাদনে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
এছাড়া, বরিশালের উলানিয়া জমিদার বাড়িটি রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
বৈঠকের শুরুতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন (রিমি) বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, গণগ্রন্থাগার অধিদপ্তর, আর্কাইভ ও গ্রন্থাগার অধিদপ্তর, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালকগণসহ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ
জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/এমআর//



