বিএসএমএমইউ উপাচার্য

দেশে কখনো গণতন্ত্র ব্যাহত হবে না: বিএসএমএমইউ উপাচার্য 

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেছেন, শহিদ ডা. মিলন নিজের বুকের তাজা রক্ত দিয়ে এদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। এদেশে আর কখনই গণতন্ত্র ব্যাহত হতে পারে না।

রবিবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্থাপিত শহিদ ডা. মিলনের স্মৃতিসৌধে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহিদ ডা. শামুল আলম খান মিলনের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, দেখতে দেখতে ডা. মিলনের শহিদ হওয়ার ৩২ বছর পার হয়ে গেল। সেদিন একই রিকশায় বিএমএ তৎকালীন মহাসচিব ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও শহিদ ডা. মিলন ছিলেন। তাদের ওপর হামলার পর চারদিকে এ কথা ছড়িয়ে পড়ে যে, দুজনই হয়তো মারা গেছেন। 

শারফুদ্দিন আহমেদ বলেন, ডা. মিলনের স্বপ্ন গণতন্ত্র বাংলাদেশে বজায় থাকুক। আজকের দিনের শপথ হোক কোনোভাবেই যেন এদেশে গণতন্ত্র নিশ্চিহ্ন না হয়, গণতান্ত্রিক ধারা যেন ব্যাহত না হয়। যেকোনো মূল্যে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে। 

তিনি আরো বলেন, যারা চক্রান্তকারী, যারা উন্নয়ন চায় না, যারা গণতন্ত্র নিশ্চিহ্ন করতে চায়, তাদের রুখতে প্রগতিশীল সব চিন্তা ধারার মানুষকে ঐক্যবদ্ধ থেকে লড়াই করে যেতে হবে।

এ সময় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (অ্যাকাডেমিক)  অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এমআর// 


Comment As:

Comment (0)