কাবাডি খেলোয়াড়রা দেশ-বিদেশে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন
নিজস্ব প্রতিবেদক: কাবাডি ফেডারেশনের সভাপতি ও আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, বঙ্গবন্ধু ঘোষিত জাতীয় খেলা কাবাডি আমাদের দেশের জনপ্রিয় খেলা।
কাবাডি ফেডারেশনের মাধ্যমে বর্তমানে এ খেলার ব্যাপক উন্নয়ন হয়েছে। আমাদের কাবাডি খেলোয়াড়রা দেশে এবং দেশের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে তাদের কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন।
সোমবার (২৮ নভেম্বর) পুলিশ সদর দফতরে হল অব প্রাইডে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় এ কথা বলেন তিনি।
আইজিপি বলেন, কাবাডি খেলার উন্নয়নের অবারিত সুযোগ রয়েছে। এজন্য ফেডারেশনের কর্মকর্তাদের আরো নিবিড়ভাবে কাজ করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনেও কাবাডি খেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
স্কুল-কলেজে কাবাডি খেলাকে আরো জনপ্রিয় করে তোলার মাধ্যমে সারাদেশে ছড়িয়ে দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
সভায় কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান কাবাডি খেলার উন্নয়নে বিভিন্ন প্রস্তাব উত্থাপন করেন। এছাড়া নারী কাবাডি আয়োজনসহ অন্যান্য প্রতিযোগিতা সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/এমআর//



