গণ্ডগোল লাগানোর উদ্দেশ্যেই পল্টনে সমাবেশ করতে চায় বিএনপি: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সরকার গণ্ডগোল লাগানোর জন্য কাউকে অনুমতি দিতে পারে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার (৩০ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি বইয়ের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি চাচ্ছে নয়াপল্টনে সমাবেশ করতে এবং এ ব্যাপারে দলটি অনড়। তারা ডিএমপির অনুমতি প্রত্যাখ্যান করেছে। আপনি কী মনে করেন এই অনুমতি প্রত্যাখ্যানের মধ্য দিয়ে তারা একটি বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে?
সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, অবশ্যই বিএনপির উদ্দেশ্য হচ্ছে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করা। সবসময় বড় সমাবেশ খোলা মাঠে হয়। সারা বাংলাদেশে তারা খোলা মাঠে সমাবেশ করেছে। বিএনপির উদ্দেশ্য ভিন্ন, একটি গণ্ডগোল লাগানো।
ঢাকা শহরে নয়াপল্টনের সামনে যেখানে ৩০ থেকে বড়জোর ৫০ হাজার মানুষ ধরবে, সেখানে তারা যেভাবে বলছে আট-দশ লাখ মানুষের সমাবেশ ঘটাবে।
সেটা কী সেখানে সম্ভব? সেটা কোনোভাবেই সম্ভব না এবং সরকার সৎ উদ্দেশ্যেই তাদেরকে সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেওয়ার কথা বলেছে।
বিনিয়োগবার্তা/এমআর/এসএএম//



