দেশের মানুষ সব চক্রান্ত মোকাবিলা করতে প্রস্তুত
নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বিএনপি কাদের মদদে এমন হুঙ্কার দিচ্ছে আমরা এসব বুঝি। আমরা তাদের বলতে চাই, এটা পঁচাত্তর নয়, এটা ২০২২ সাল। যদি ভেবে থাকেন পঁচাত্তরে যেভাবে বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন, ২০০৪ সালে গ্রেনেড হামলা করে আমাদের নেত্রীকে হত্যা করতে চেয়েছিলেন, যদি একই স্বপ্ন দেখে থাকেন ভুল করবেন। এদেশের মানুষ সব চক্রান্ত মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর) কুমিল্লা টাউন হল মাঠে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গণফাঁসি ৭৭ নামের প্রামাণ্যচিত্র প্রদর্শনী ‘মায়ের কান্না’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, বিদ্রোহ দমনের নামে জিয়াউর রহমান ১ হাজার ১৫৬ জন মানুষকে বিনা অপরাধে হত্যা করেছিল। যারা আমাদের স্বাধীনতাকে কলুষিত করতে চেয়েছিল, যারা আমেরিকা থেকে বঙ্গবন্ধুর কেনা চাল-গম বাংলাদেশে আসতে না দিয়ে এদেশে কৃত্রিম সংকট তৈরি করে দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল, তারা এখনো চক্রান্ত করে যাচ্ছে। সেই অপশক্তির ইন্ধনে আজ বিএনপি লাফাচ্ছে, হুঙ্কার দিচ্ছে, বলছে ১০ তারিখের পর সরকার আর থাকবে না।
এশিয়াটিক সোসাইটির সভাপতি এবং মায়ের কান্না সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. খন্দকার বজলুল হকের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ১৯৭৫ সালের ৭ নভেম্বর শহীদ কর্নেল নাজমুল হুদার মেয়ে নাহিদ এজাহার খান এমপি, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ বীর বিক্রম, দীপ্ত টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, কর্পোরাল লরেন্স ডি রোজারি প্রমুখ।
বিনিয়োগবার্তা/এমআর//



