জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম
শরীয়তপুরকে সন্ত্রাস, মাদক ও ইভটিজিংমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে হবে
নিজস্ব প্রতিবেদক: পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, শরীয়তপুরকে সন্ত্রাস, মাদক ও ইভটিজিংমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে হবে। মানুষ যেন নিরাপদে-শান্তিতে ঘুমাতে পারে সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রয়েছে। মাদক নির্মূলের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি।
রবিবার (১১ ডিসেম্বর) শরীয়তপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
উপমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে আইনের শাসন বাস্তবায়ন করতে হবে। একটি আদর্শ যুবসমাজ দেশের সম্পদ। যুবকরাই গড়তে পারে বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং, ধর্ষণ ও মাদকমুক্ত একটি নিরাপদ সমাজ। তাই যুবসমাজকে হতে হবে উদার, মানবিক, চরিত্রবান, নীতিবান, দায়িত্বশীল ও দক্ষ। নবীন-প্রবীণ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, ইউনিয়ন পরিষদগুলোকে আরো কার্যকর করতে হবে। বয়স্কভাতা, বিধবাভাতাসহ সব সেবার মান আরো বাড়াতে হবে। সংশ্লিষ্ট সব বিভাগকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশের প্রতিটি মানুষকে নিয়ে ভাবেন।
এনামুল হক শামীম বলেন, ‘গ্রাম হবে শহর’ এই চিন্তা নিয়ে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বাংলাদেশকে দুর্বার গতিতে এগিয়ে নিচ্ছেন। চারদিকে উন্নয়নের ছোঁয়া। এই উন্নয়ন অব্যাহত থাকলে বাংলাদেশ হবে এশিয়ার সেরা। দেশবিরোধী ও স্বাধীন বিরোধী একটি মহল প্রতিনিয়তই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র-চক্রান্ত করেই চলছে। তবে তারা সফল হবে না। কারণ, শুধু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতেই দেশের মানুষ নিরাপদ।
তিনি বলেন, বাংলাদেশ বিশ্বে অনন্য মর্যাদা পেয়েছে। শেখ হাসিনার আমলেই পদ্মাসেতু হয়েছে। শরীয়তপুরে এখন আর নদীভাঙন নেই। বিদ্যুতেও আমরা স্বয়ংসম্পন্ন। পদ্মার তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে দুর্গম চরাঞ্চলে বিদ্যুৎ পৌছে দেওয়া হয়েছে। শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন হয়েছে। এখন শুধু ফোর লেন হাইওয়ের জন্য ধৈর্য ধরতে হবে। আমরা ২০১৯ সালে থেকেই শরীয়তপুরে ফোর লেন হাইওয়ে নির্মাণের লক্ষে কাজ করছি। এ সরকারের মেয়াদেই ফোর লেনের কাজ সম্পন্ন হবে।
সভায় শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান, পুলিশ সুপার সাইফুল হকসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/আরজে//



