লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বিএসসি
নিজস্ব প্রতিবেদক: নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বিএসসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, গত ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সঠিক পদক্ষেপের কারণে মৃতপ্রায় বাংলাদেশ শিপিং কর্পোরেশন লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
রবিবার (১১ ডিসেম্বর) চট্টগ্রাম বোট ক্লাবে বিএসসি-এর ২০২১-২২ অর্থ বছরের ৪৫তম বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বিএসসি ২০২১-২২ অর্থবছরে নিট লাভ করেছে ২২৫ দশমিক ৮১ কোটি টাকা। শেয়ার মার্কেটে বিএসসি একটি প্রতিষ্ঠিত কোম্পানি হিসেবে দাঁড়িয়েছে। জাতীয় সংসদে ‘বাংলাদেশ জাতীয় পতাকাবাহী জাহাজ (স্বার্থরক্ষা) আইন ২০১৯’ পাস হয়েছে। এর ফলে সরকারি তহবিলে আমদানি বা রফতানিকৃত পণ্য সমুদ্রপথে পরিবহনের ক্ষেত্রে বিএসসি অগ্রাধিকার পাবে।
নৌপ্রতিমন্ত্রী আরো বলেন, শেখ হাসিনা দায়িত্ব গ্রহণের পর বিএসসি আবার জেগে উঠেছে। ২১টি জাহাজ সংগ্রহের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিএসসির বহরে ৬টি নতুন জাহাজ যুক্ত হয়েছে। আরো বেশ কয়েকটি নতুন জাহাজ সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। সঠিক দৃষ্টিভঙ্গি ও পদক্ষেপের কারণে বিএসসি শুধু দেশে নয়, আন্তর্জাতিক শিপিং ব্যবসায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আন্তর্জাতিক নৌপথে নিরাপদ ও দক্ষ শিপিং সেবা প্রদান করা এবং বাংলাদেশের সিংহভাগ আমদানি ও রফতানি পণ্য নিজস্ব জাহাজ বহর দ্বারা পরিবহন করার উদ্দেশ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় ১৯৭২ সালের ৫ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল জাতীয় ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন। বঙ্গবন্ধুর সুচিন্তিত দিক-নির্দেশনায় তার জীবদ্দশায় ১৯৭৪ সালের মধ্যে ২৬টি সমুদ্রগামী জাহাজ বিএসসির জাহাজ বহরে সংযোজনের ব্যবস্থা করেন।
সভায় আরো বক্তব্য রাখেন- নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর এস এম মনিরুজ্জামান, শেয়ারহোল্ডার কবির আহমেদ চৌধুরী, হীরালাল বণিক, কামাল উদ্দিন আহমেদ, আব্দুল কাদের প্রমুখ।
বিনিয়োগবার্তা/এমআর//



