কৃষি খাতে জাতিসংঘের অনুদান

কৃষি খাতে চার প্রকল্পে অনুদান দেবে জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জলবায়ু সহিষ্ণু প্রকল্প ‘গ্রিন সিটিস ইনিশিয়েটিভ (জিসিআই)’, কাঁঠালের উৎপাদন পরবর্তী সরবরাহ ব্যবস্থা ঠিক রাখাসহ মোট চার প্রকল্পে কারিগরি ও অনুদান সহায়তা দেবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে কী পরিমাণ আর্থিক অনুদান দিচ্ছে জাতিসংঘের এ সংস্থা, তা উল্লেখ করেনি ইআরডি।

ইআরডি জানায়, কারিগরি ও আর্থিক (অনুদান) সহায়তায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং এফএওর মধ্যে চারটি প্রকল্প চুক্তি স্বাক্ষর হয়। প্রকল্পগুলো পল্লি, কৃষি ও পরিবেশ খাতের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে অবদান রাখবে।

প্রকল্পগুলো হলো- গ্রিন সিটিস ইনিশিয়েটিভ, কাঁঠালের উৎপাদন পরবর্তী সরবরাহ ব্যবস্থা (সাপ্লাই চেইন) নিশ্চিত করে মূল্যমান বাড়ানো, শস্যভিত্তিক প্রত্যেক গ্রামে পুষ্টিমান নিশ্চিত করা ও এর প্রচার করা এবং লিডার প্রযুক্তির মাধ্যমে ফাস্ট ট্র্যাকিং কৃষিপণ্য উৎপাদন ও উন্নয়ন প্রকল্প।

চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান এবং এফএওর পক্ষে সংস্থাটির বাংলাদেশে আবাসিক প্রতিনিধি রবার্ট ডগলাস।

১৯৭৩ সাল থেকে এ পর্যন্ত এফএও বাংলাদেশে ৩৫০টি প্রকল্পে কারিগরি ও অনুদান সহায়তা প্রদান করেছে। বৃহত্তর কৃষিখাতসহ (ফসল, মৎস্য ও প্রাণিসম্পদ), পরিবেশ ও অন্যান্য সংশ্লিষ্ট খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাদের সহায়তা।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)