শিক্ষা উপমন্ত্রী

দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখতে ভার্চুয়ালি সরব থাকতে হবে

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, দেশের সব অপশক্তি রুখতে নেতা-কর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকতে হবে। দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা চক্রান্ত করছে।

তিনি বলেন, আমরা ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমন করবো। ভার্চুয়ালি দেশের বিরুদ্ধে পরিচালিত সব ষড়যন্ত্র ভার্চুয়ালি জবাব দিতে হবে।  

সোমবার (১২ ডিসেম্বর) চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়ামের সামনের মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের  সম্মেলনে শিক্ষা উপমন্ত্রী এসব কথা বলেন।

মহিবুল হাসান চৌধুরী বলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ এক সময় বাংলাদেশ আওয়ামী লীগকে পরিচালনা করেছে। অনেক গুণীজনের জন্ম হয়েছে দক্ষিণ জেলায়। এখান থেকেই অনেকেই কেন্দ্রীয় আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়েছেন।  

তিনি বলেন, আমাদের তরুণ প্রজন্মকে বলবো- মিছিল-মিটিং, ব্যানার-পোস্টারে নিজেকে বেশি নিমজ্জিত না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপশক্তিকে প্রতিহত করতে হবে। দাঁতভাঙা জবাব দিতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরতে হবে। কোনো অপশক্তিকে এ দেশে সন্ত্রাসবাদ কায়েম করতে দেওয়া হবে না। দেশের সব উন্নয়ন বহির্বিশ্বে জানান দিতে হবে। ভার্চুয়াল বিশ্বটাকেও আমাদের মুঠোয় নিয়ে আসতে হবে।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)