বিএনপির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল রবিবার
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ছেড়ে দেওয়া শূন্য আসনের উপনির্বাচনের তফসিল আগামী রবিবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মো. আলমগীর এ কথা জানান।
তিনি বলেন, রবিবার আমাদের কমিশন সভা রয়েছে। সে সভায় শূন্য আসনের উপনির্বাচন নিয়ে আলোচনার বিষয়ে সিডিউল রয়েছে। সভাশেষে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’
ঠিক কবে হতে পারে নির্বাচন এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ‘সরকারি ছুটি, পাবলিক পরীক্ষা এবং ধর্মীয় উৎসব আছে কিনা তা দেখেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।
নির্বাচনে ভোটগ্রহণ হবে ইভিএমে এবং সিসি ক্যামেরার বিষয়ে সিদ্ধান্তের বিষয়ে আলোচনা হবে বলেও জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শূন্য আসনের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে কারা কাজ করবেন এ বিষয়ে কমিশন সভায় সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি।
সামনের নির্বাচনে বিএনপিকে ডাকবেন কিনা এমন প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, ‘আমরা নির্ধারিত কোনো দলকে নির্বাচনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাবো না। আমাদের তফসিল ঘোষণা হবে সবদলের প্রতি।
আইন সংশোধনে আইন মন্ত্রণালয় ইতিবাচক বলে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের উভয়পক্ষের মধ্যে এ বিষয়ে আলোচনা চলছে। তারা পরীক্ষা-নিরীক্ষা করছেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে তারা এ বিষয়ে সন্তোষজনক সিদ্ধান্ত দেবেন।
বিনিয়োগবার্তা/এমআর//



