জাতিসংঘ সমন্বয়ক

বাংলাদেশ অন্যান্য দেশের জন্য অনুকরণীয়

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুইন লুইস বলেছেন, বাংলাদেশ অন্যান্য দেশের জন্য অনুকরণীয় নজির হিসেবে নিজেকে গড়ে তুলতে সক্ষম হয়েছে। জাতিসংঘ অংশীদারিত্বের ক্ষেত্রে বাংলাদেশের পাশে রয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে এক বিবৃতিতে দেশে ও প্রবাসে থাকা বাংলাদেশি নাগরিকদের শুভেচ্ছা জানিয়ে এ কথা বলেন তিনি।

গুইন লুইস বলেন, স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত ও দুর্ভিক্ষপীড়িত অবস্থা থেকে বাংলাদেশ একটি অসাধারণ যাত্রা শুরু করে গত ৫১ বছরে বর্তমান অবস্থায় এসে দাঁড়িয়েছে। দেশটি জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে এলডিসি থেকে উত্তরণের দ্বারপ্রান্তে পৌঁছেছে এবং বর্তমানে প্রায় এক মিলিয়ন রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিচ্ছে।

তিনি আরো বলেন, মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার অনেক আগে থেকেই মানব উন্নয়ন ও দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সাফল্য অন্য দেশের জন্য একটি অনুকরণীয় নজির হয়ে উঠেছে। জাতিসংঘের উন্নয়ন এজেন্ডা এবং সারাবিশ্বে শান্তি কর্মসূচি বাস্তবায়নেও বাংলাদেশ অবদান রেখেছে। বাংলাদেশ বহুপাক্ষিকতা, জলবায়ু ন্যায্যতা এবং স্বল্পোন্নত দেশসমূহের স্বার্থের পক্ষেও সোচ্চার রয়েছে।

বিবৃতিতে বলা হয়, ১৯৯৯ সালে বাংলাদেশের উত্থাপন করা শান্তি সংস্কৃতি প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে এবং ২০০৮ সালে বাংলাদেশের প্রস্তাবে জাতিসংঘ সাধারণ পরিষদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্বীকৃতি দিয়েছে।

এতে লুইস আরো উল্লেখ করেন, সুবিধা বঞ্চিতদের অধিকারের জন্য বাংলাদেশের সমর্থন রয়েছে এবং দেশের সংবিধানে গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে ওঠার জন্য দেশের অঙ্গীকার বিধৃত রয়েছে। এতে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার পাশাপাশি মানুষের মর্যাদা ও মূল্যবোধের সম্মান রক্ষা নিশ্চিত করা হয়েছে।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)