বিএনপি ১৭

সংঘর্ষ এড়াতে গণমিছিল কর্মসূচি পিছিয়েছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৪ ডিসেম্বরের গণমিছিলের কর্মসূচি পিছিয়ে দিয়েছে বিএনপি। শনিবার (১৭ ডিসেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বিএনপির পক্ষ থেকে বলা হয়, ‘সংঘর্ষ এড়াতে এবং শৃঙ্খলার স্বার্থে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আহ্বানে ওই দিনের কর্মসূচি পিছিয়ে ৩০ ডিসেম্বর করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

এর আগে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল থাকায় ২৪ ডিসেম্বর রাজধানীতে কর্মসূচি না দেয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। তাই  গণমিছিল করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তবে ঢাকা মহানগরের বাইরে দেশের সকল জেলা ও মহানগরে গণমিছিলের পূর্বঘোষিত তারিখ অপরিবর্তিত থাকবে।

প্রসঙ্গত, গত ১০ ডিসেম্বরের সমাবেশে বিএনপি সরকার পতন এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ২৪ ডিসেম্বর গণমিছিলের কর্মসূচি দিয়েছিল। তবে ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন হবে বলে সংঘর্ষ এড়াতে ওই দিন কর্মসূচি না রাখতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছিলেন ওবায়দুল কাদের।

সংবাদ সম্মেলনে বলা হয়, যেহেতু বিএনপি শান্তিপূর্ণ উপায়ে সংকট নিরসন করতে চায়, এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমাদের প্রতি কর্মসূচির দিন পরিবর্তনের আহ্বান জানিয়েছেন, তাই আমরা রাজনৈতিক আচরণ করতে চাই।

কর্মসূচি পালনের নতুন দিন হিসেবে ৩০ ডিসেম্বর বেছে নেওয়ার কারণ হিসেবে বিএনপি জানায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ রয়েছে। ওই দিনটিকে স্মরণ করিয়ে দিতেই ৩০ ডিসেম্বর ঠিক করা হয়েছে। তবে ৩০ ডিসেম্বর ঢাকায় কোথায় এ কর্মসূচি হবে, তা এখনই জানায়নি তারা।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)