সিপিপিকে রেসকিউ আইটেম হস্তান্তর করেছেন ত্রাণ প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মোঃ এনামুর রহমান ঢাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)'কে রেসকিউ আইটেম হস্তান্তর করেছেন।
সোমবার (১৯ ডিসেম্বর) ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)'র পরিচালক (প্রশাসন) মোঃ আহমেদুল হক সিপিপি'র পক্ষে আইটেমসমুহ গ্রহণ করেন ।
আইটেম সমুহের মধ্যে ছিল ৬৪০০টি বেল্ট,৬৪০০ টি রেইন কোট,৬৪০০ টি হার্ড হ্যাট,৬৪০০ জোড়া গাম বুট এবং ৬৪০০টি লাইফ জ্যাকেট ।
প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন,ভূমিকম্পসহ অন্যান্য দুর্যোগে দ্রুত উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম পরিচালনার জন্য অ্যাকোয়াটিক সি সার্চবোট, মেরিন রেস্কিউ বোট, মেগাফোন সাইরেনসহ প্রয়োজনীয় সরঞ্জাম, যন্ত্রপাতি ও যানবাহন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং সশস্ত্র বাহিনী বিভাগসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানকে প্রদান করা হয়েছে ।
এ কার্যক্রম সহজ করার জন্য আরো অত্যাধুনিক যন্ত্রপাতি ও সরঞ্জামাদি সংগ্রহের কাজ চলমান রয়েছে । এ লক্ষ্যে প্রায় ২৩০০ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে । এছাড়া বন্যা উপদ্রুত ১৯ টি জেলার জন্য ৬০টি মাল্টিপারপাস এক্সেসিবল রেস্কিউ বোট সরবরাহ করা হয়েছে ।
এ সময় মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আতিকুল হক উপস্থিত ছিলেন ।
বিনিয়োগবার্তা/এমআর//



