রাজশাহীর বাঘা উপজেলায় স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে আনসার বাহিনী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, আনসার বাহিনীর সদস্যরা দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। আনসারসহ অন্য সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রধানমন্ত্রীকে সহযোগিতা করছে বলেই দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) রাজশাহীর বাঘা উপজেলায় আনসার ও ভিডিপি মডেল ভবন উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছুদিন আগে দুর্গাপূজা হয়ে গেল। সারাদেশে প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপ ছিল। আইজিপি বললেন, প্রত্যেক মণ্ডপে একজনের বেশি পুলিশ দেওয়া সম্ভব হচ্ছে না। তখন পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত হলো আনসার। প্রায় দুই লাখ আনসার সদস্য সারাদেশের পূজামণ্ডপে দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এর ফলে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

তিনি আরো বলেন, ২০১৩-১৪ সালের দিকে সরকারবিরোধী আন্দোলনের নামে রেললাইন পর্যন্ত উপড়ে ফেলা হচ্ছিল। তখনো রেললাইনের নিরাপত্তায় দায়িত্ব পালন করেন আনসার সদস্যরা। আমাদের দৃষ্টিতে সেভাবে না পড়লেও আনসার সদস্যরা দেশের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য মো. শাহরিয়ার আলম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান প্রমুখ।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)