mela

ছুটির দিনে জমজমাট আবাসন মেলা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) চলছে রিহ্যাব ফেয়ার-২০২২। মেলার তৃতীয় দিন শুক্রবার (২৩ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটি থাকায় জমজমাট হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ।

সরেজমিনে দেখা যায়, মেলায় অনেকেই এসেছেন পরিবারের সদস্যদের নিয়ে। আবার কেউ কেউ এসেছেন বন্ধুদের সঙ্গে। এক ছাদের নিচে গৃহঋণসহ নির্মাণ সামগ্রীর সমাহার থাকায় সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা।

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সহ-সভাপতি ও মেলা বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান প্রকৌশলী সোহেল রানা বলেন, এবারের মেলায় ক্রেতার জন্য নানা অফার নিয়ে এসেছে আবাসন কোম্পানিগুলো। আগামীতে এত কম দামে আর ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট দিতে পারবে না কোম্পানিগুলো। কারণ ড্যাপ সমস্যা আর নির্মাণ সামগ্রীর ঊর্ধ্বমুখী দামের কারণে আগামীতে ফ্ল্যাটের দাম বাড়বে।

মেলা বাস্তবায়ন কমিটির কো-চেয়ারম্যান ও রিহ্যাব সহ-সভাপতি (প্রথম) কামাল মাহমুদ বলেন, এবারের মেলায় আবাসন খাতের কোম্পানিগুলো ছোট ও মাঝারিসহ সব ধরনের ফ্ল্যাট-অ্যাপার্টমেন্ট ও ফ্লট নিয়ে এসেছে। তুলনামূলক দামও কম। এবারের মেলা মানে ক্রেতার সামনে কম দামে ফ্ল্যাট কেনার দারুণ সুযোগ। সাধ্যের মধ্যে ভালো মানের ফ্ল্যাট দিতে কোম্পানিগুলো বিভিন্ন ছাড় দিচ্ছে। মেলায় অংশ নেওয়া ডেভেলপার প্রতিষ্ঠানগুলো বুকিংয়ের সঙ্গে রেখেছে নানা উপহার। তাই সাধারণ ক্রেতাদের কাছে আমাদের অনুরোধ থাকবে-সাধ্যের মধ্যে পছন্দের ফ্ল্যাট খুঁজে নিতে মেলা চলে আসুন।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে ২১ ডিসেম্বর শুরু হওয়া রিহ্যাব ফেয়ার শেষ হবে ২৫ ডিসেম্বর দুপুর ২টায়। রাষ্ট্রীয় অনুষ্ঠান থাকার কারণে ২৫ ডিসেম্বর রাত ৯টার পরিবর্তে দুপর ২টায় মেলা সমাপ্তি হবে। এবারের মেলায় মোট ১৮১টি স্টল রয়েছে।

প্রতিদিন সকাল ১০থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। তবে মেলার শেষদিন রোববার মেলা চলবে দুপুর ২টা পর্যন্ত। এবারের মেলায় দুই ধরনের টিকিট থাকছে। একটি সিঙ্গেল এন্ট্রি, অন্যটি মাল্টিপল এন্ট্রি। সিঙ্গেল টিকিটের প্রবেশ মূল্য ৫০ টাকা। আর মাল্টিপল এন্ট্রি টিকিটের প্রবেশ মূল্য ১০০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকিট দিয়ে একজন দর্শনার্থী মেলার সময় পাঁচবার প্রবেশ করতে পারবেন। এন্ট্রি টিকিটের প্রাপ্ত সম্পূর্ণ অর্থ দুঃস্থদের সাহায্যে ব্যয় করা হবে। এবছর প্রতিদিন র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। র‌্যাফেল ড্রতে এলইডি টিভি, ওয়াশিং মেশিন এবং ফ্রিজ পুরস্কার দেওয়া হচ্ছে

বিনিয়োগবার্তা/এসএল/এসএএম//


Comment As:

Comment (0)