আর্থিক সাক্ষরতা বিষয়ক ওয়েবসাইট চালু করল বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: আর্থিক অন্তর্ভুক্তির দ্রুত প্রসারের মাধ্যমে টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত এবং ‘জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশলপত্র’ এর নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উক্ত কৌশলপত্রে বর্ণিত শতভাগ আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে আর্থিক সাক্ষরতা একটি গুরুত্বপূর্ণ উপাদান। দেশের আর্থিক সেবা বঞ্চিত আপামর জনসাধারণকে আর্থিক সেবার আওতায় আনার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে একটি নতুন ওয়েবসাইট (https://finlit.bb.org.bd) প্রস্তুত করা হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের মূল ওয়েবসাইট (https://bb.org.bd) এর পাশাপাশি নবনির্মিত এ ওয়েবসাইটটি সংক্ষিপ্ত, সাবলীল ও সহজ ভাষায় জনসাধারণের জন্য আর্থিক বিষয়ে বিভিন্ন কনটেন্ট/লেখা/ভিডিও প্রচার করবে।
এর ফলে সাধারণ ব্যাংকিং, রেমিট্যান্স ও বৈদেশিক মুদ্রার ব্যবহার, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, স্কুল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, নারী উদ্যোক্তা, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, আর্থিক পরিকল্পনা ইত্যাদিসহ গুরুত্বপূর্ণ আর্থিক বিষয়ে তথ্য পাওয়া যাবে।
ওয়েবসাইটটি ব্যবহারের মাধ্যমে দেশে আর্থিক সাক্ষরতা ও আর্থিক অন্তর্ভুক্তির হার বৃদ্ধি পাবে। ফলে দেশের আপামর জনগণ আর্থিক খাতের সুফল পরিপূর্ণভাবে ভোগ করতে পারবেন।
বিনিয়োগবার্তা/এমআর/এসএএম//



