উত্তরা-মতিঝিল মেট্রোরেল অংশের কাজ শেষ হবে ২০২৩ সালে
নিজস্ব প্রতিবেদক: এমআরটি-৬ প্রকল্পের মেয়াদ অনুযায়ী ২০২৫ সালের মধ্যে কমলাপুর পর্যন্ত সব কাজ শেষ হওয়ার কথা রয়েছে। কিন্তু তার আগে ২০২৩ সালের মধ্যে মতিঝিল পর্যন্ত কাজ শেষ করতে পারবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী। তিনি জানান, কমলাপুর পর্যন্ত লাইন বর্ধিত করার কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। ওইটুকু কাজ আগামী ২০২৫ সালের মধ্যে শেষ হবে।
বুধবার (২৮ ডিসেম্বর) উত্তরা ১৫ নম্বর সেক্টরের খেলার মাঠে মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় আমিন উল্লাহ নুরী বলেন, ঢাকা মহানগরীতে ৬টি লাইনে গণপরিবহন চালু করার জন্য ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড গঠনের নির্দেশ দেওয়ার পর ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ৬টি এমআরটি লাইনের সমীক্ষা শেষ করে।
তিনি বলেন, ২০১৬ সালের ২৬ জুন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২১.২৬ কিলোমিটার এমআরটি লাইন-৬ এর কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অনুমতি স্বাপেক্ষে ২০২৩ সালের জানুয়ারি মাসে এমআরটি লাইন-১ এর কাজ শুরু করা হবে এবং আগামী বছরের জুলাই মাসে এমআরটি লাইন-৫ এর কাজ শুরু করা হবে।
বিনিয়োগবার্তা/এমআর//



