জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধের তথ্য সঠিকভাবে তুলে ধরতে হবে

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযুদ্ধের সব তথ্য ও ঘটনা সঠিকভাবে জাতির সামনে তুলে ধরতে হবে। এ জন্য গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীরা বিশেষ অবদান রাখতে পারে। 

বুধবার (২৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা সাংবাদিক কমান্ডের আয়োজনে এবং বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম (বিজেআরএফ)-এর সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধা সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মুক্তিযুদ্ধমন্ত্রী  বলেন, ১৯৭১ সালে ঐতিহাসিক ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের পর থেকে দেশি-বিদেশি  গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীরা বাংলাদেশের স্বাধীনতার আন্দোলন ও মুক্তিযুদ্ধের পক্ষে বিরাট ভূমিকা রেখেছিল, যা মুক্তিকামী বাঙালি ও বীর মুক্তিযোদ্ধাদের দেশের স্বাধীনতা অর্জনে বিশেষ অনুপ্রেরণা যুগিয়েছিল।

মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে ৩৩ জন বিশিষ্ট সাংবাদিক বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান এমপির সভাপতিত্বে ও বিজেআরএফ- এর সাধারণ সম্পাদক আতাউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা সাংবাদিক কমান্ড সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন আহমেদ পেয়ারা, বাংলাদেশের খবরের সম্পাদক ও বিজেআরএফ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা মৃণাল কৃষ্ণ রায় ও তরুণ তপন চক্রবর্তী।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)