মানসিক স্বাস্থ্যকে হালকাভাবে দেখার সুযোগ নেই
নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মানসিক স্বাস্থ্যকে হালকাভাবে দেখার সুযোগ নেই। দেশের মোট জনসংখ্যার ১৮ দশমিক ৪ ভাগ পূর্ণ বয়স্ক প্রায় ৩ কোটি মানুষ এখন মানসিক সমস্যায় ভুগছেন। এছাড়া আরো ১৩ ভাগ শিশু কিশোর মানসিক রোগে আক্রান্ত।
বুধবার (২৮ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে বিশ্ব মানসিক স্বাস্থ্য রিপোর্ট ও জাতীয় মানসিক স্বাস্থ্য কর্মকৌশল পরিকল্পনা ২০২০-৩০’র অবহিতকরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বর্তমানে বছরে ১০ থেকে ১৪ হাজার মানুষ আত্মহত্যা করছে, যা ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ কারণে মানসিক স্বাস্থ্য উন্নয়নে চিকিৎসা সেবা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।
তিনি বলেন, মানসিক স্বাস্থ্য বিষয়ে দক্ষ জনবল বাড়ানোর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। বিভিন্ন সমস্যার কারণে অনেকে চাকরি হারায়, দেশের প্রোডাক্টিভিটি কমে যায়, অপরাধের মাত্রা বাড়ে, এমনকি উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগের প্রকোপ বাড়ে এই মানসিক স্বাস্থ্যের কারণে।
জাহিদ মালেক বলেন, অন্যদিকে মানসিক স্বাস্থ্যে বাজেট মাত্র দশমিক ৫ শতাংশ, যা অনেক কম। এটি কীভাবে বাড়ানো যায়, সে চেষ্টা করা হবে। আরেকটি পরিসংখ্যানে দেখা গেছে, শতকরা ৯২ ভাগ মানুষ মানসিক চিকিৎসা সেবার বাইরে। এটি নিয়েও আমাদের আরো বেশি কাজ করতে হবে।
তিনি বলেন, মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সরকার নানামুখী ব্যবস্থা নিয়েছে। পাবনা মানসিক হাসপাতালকে ২০০ বেড থেকে ৪০০ বেডে উন্নীত করাসহ নানাবিধ উদ্যোগ নেয়া হয়েছে। প্রাথমিক স্বাস্থ্যসেবায় কাউন্সিলিং করার উদ্যোগ নেয়া হয়েছে। প্রায় ২০০ উপজেলায় এনসিডি কর্নার রয়েছে, সেখানেও কাউন্সিলিং করার ব্যবস্থা থাকছে। আমাদের মধ্যে সচেতনতায় এখনো ঘাটতি রয়েছে।
বিনিয়োগবার্তা/এমআর//



