প্রধানমন্ত্রীর সুদৃঢ় নেতৃত্বেই ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ হবে
নিজস্ব প্রতিবেদক: পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বাংলাদেশের জন্য অপরিহার্য, তার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, তার সুদৃঢ় নেতৃত্বেই ডিজিটাল বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশ হবে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) শরীয়তপুরের সখিপুর চরভাগায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
উপমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ও দেশের মানুষের প্রতি যে ভালোবাসা, তা অনন্য। তার মতো দূরদর্শী নেতৃত্ব আছে বলেই বাংলাদেশ আজ সঠিক পথে এগিয়ে চলছে। একজন মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি সারাক্ষণ দেশ ও জাতির কল্যাণে কাজ করে চলছেন।
বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, জিয়াউর রহমান একজন খুনি, বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন। এই সন্ত্রাসী সংগঠন আবারো নানামুখী ষড়যন্ত্র শুরু করেছে।
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ার উচ্চারণ করে উপমন্ত্রী বলেন, ‘আবারো যদি আগুন সন্ত্রাস করেন, পিছন দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেন, দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেন, তবে আপনাদের ঘর থেকেই বের হতে দেওয়া হবে না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ কাইউম, ইউএনও আব্দুল্লাহ আল মামুন, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন প্রমুখ।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে নড়িয়া ও সখিপুরের ৪০ জনকে সাড়ে ১৫ লাখ টাকার চেক প্রদান করা হয়। এর আগে উপমন্ত্রী ২ হাজার ৪০০ অসহায় ও দুস্থ লোকের মাঝে তার মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশন এবং আওয়ামী লীগের পক্ষ থেকে কম্বল বিতরণ করেন।
বিনিয়োগবার্তা/এমআর//



