সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় স্থায়ী কমিটির বৈঠক
দুর্নীতির তদন্তাধীন কর্মকর্তাকে দায়িত্ব না দেওয়ার সুপারিশ
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির দায়ে তদন্তাধীন কর্মকর্তাকে দায়িত্ব প্রদান না করে পরবর্তী কর্মকর্তাকে দায়িত্ব প্রদানের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৭তম বৈঠক কমিটির সভাপতি রওশন আরা মান্নান এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওবায়দুল কাদের, এনামুল হক, মোঃ আবু জাহির, রেজওয়ান আহাম্মদ তৌফিক, মোঃ ছলিম উদ্দীন তরফদার, সেখ সালাহউদ্দিন, সৈয়দ আবু হোসেন এবং মেরিনা জাহান বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে সড়ক ও জনপথ অধিদপ্তরের গোপালগঞ্জ জোনের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পসমূহের সার্বিক কার্যক্রমের সর্বশেষ অবস্থা এবং বাস্তবায়ন অগ্রগতি; ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের সার্বিক কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি এবং প্রাপ্ত বিভিন্ন অভিযোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে গোপালগঞ্জ জোনের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পসমূহের কাজে সন্তোষ প্রকাশ করা হয় এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার আলোকে নির্ধারিত সময়ের মধ্যে সকল কাজ সমাপ্তকরণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
বৈঠকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে আগামী জাতীয় নির্বাচনের পূর্বে প্রকল্পের কাজ সমাপ্তকরণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
বৈঠকের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবসহ পরিবারের সদস্য, জাতীয় চার নেতা এবং মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাঁদের আত্মার মাগফেরাত কামনা করা হয় ও বিজয়ের মাসের শুভেচ্ছা জানানো হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশম বার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং ওবায়দুল কাদের তৃতীয় বার বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এবং বাংলাদেশকে উন্নত সারিতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর দূরদর্শীতায় স্বপ্নের মেট্রোরেল উদ্বোধনের মাধ্যমে নাগরিক সুবিধা আরও সম্প্রসারিত হওয়ায় কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও দীর্ঘায়ু কামনা করা হয় এবং দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওবায়দুল কাদের এর দীর্ঘায়ু কামনা করে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানানো হয়।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবদ্বয়, বিআরটিএ ও বিআরটিসি এর চেয়ারম্যানদ্বয়, পদ্মা বহুমুখী সেতু প্রকল্প ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের প্রকল্প পরিচালকদ্বয়, ঢাকা বিআরটি কোম্পানি লি: এর ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এর নির্বাহী পরিচালক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, গোপালগঞ্জ জোনের অতিরিক্ত প্রকৌশলীসহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/এমআর//



