বীর মুক্তিযোদ্ধা স্থপতি মোবাশ্বের হোসেন আর নেই
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউটের (আইএবি) সদ্য সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও দেশবরেণ্য স্থপতি মোবাশ্বের হোসেন মারা গেছেন।
রবিবার (১ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর শ্যামলীস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে গত ২০ নভেম্বর মোবাশ্বের হোসেনের অসুস্থতার কথা জানিয়েছিলেন স্থপতি ইকবাল হাবিব। তিনি বলেছিলেন, চোখের সমস্যা নিয়ে গত ৯ নভেম্বর স্পেশালাইজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন মোবাশ্বের হোসেন। তার আগেই হার্টের সমস্যা ছিল।
হাসপাতালে ভর্তির পর আবারও হার্টের আগের সমস্যা দেখা দেয়। দুদিন আগে অবস্থার কিছুটা উন্নতি হলেও শেষমেশ তার মাল্টিপল অর্গান ফেইলিওর দেখা দেয়।
স্থপতি মোবাশ্বের হোসেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যের স্নাতক সম্পন্ন করেন। তিনি এসোকনসাল্ট লিমিটেডের প্রধান স্থপতি। কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টস এবং বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ছিলেন তিনি। এ ছাড়া আর্কিটেক্টস রিজিওনাল কাউন্সিল, এশিয়ার (আর্কেশিয়া) প্রেসিডেন্টও ছিলেন।
বিনিয়োগবার্তা/এমআর//



