নীলফামারীতে রেলপথমন্ত্রী

আরও একটি নীলসাগর ট্রেন চালু হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, বঙ্গবন্ধু সেতুর পাশে রেলসেতু নির্মাণ কাজ চলছে। আশা করা হচ্ছে আগামী বছরের জুনে এ কাজ শেষ হবে। সেতুটির নির্মাণ কাজ শেষ হলে চিলাহাটি থেকে ঢাকাগামী দিনের বেলা আরেকটি নীলসাগর ট্রেন চালু করা হবে। 

রবিবার (১ জানুয়ারি) নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি একথা বলেন। 

রেলমন্ত্রী বলেন, সৈয়দপুর রেলওয়ে কারখানা আধুনিকায়ন করা হয়েছে। এ কারখানার ভেতরে একটি নতুন কোচ বা ক্যারেজ নির্মাণ করার জন্য সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। 

তিনি বলেন, আমাদের দেশে মিটারগেজ (ছোটলাইন) ও ব্রডগেজ (বড়লাইন) এ দুই ধরনের রেলযোগাযোগ ব্যবস্থা চালু আছে। এ ব্যবস্থা ভেঙে বহির্বিশ্বের সঙ্গে তালমিলিয়ে আমাদের দেশেও শুধু ব্রডগেজ যোগাযোগ ব্যবস্থা চালু করার উদ্যোগ নিয়েছি আমরা। এতে করে রেলসেবা আরও গতিশীল হবে।

এর আগে, বিকেলে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন দেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানায় এসে পৌঁছালে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মো. সাদেকুর রহমান তাকে স্বাগত জানান। 

এ সময় বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাব্যবস্থাপক (এডিজি, আরএস) মঞ্জুরুল আলম চৌধুরী, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসিম কুমার তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)