রফতানি

ছয় মাসে পণ্য রফতানি বেড়েছে ১০ দশমিক ৫৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর’২২) বিশ্ববাজারে  বাংলাদেশ থেকে ২ হাজার ৭৩১ কোটি ১২ লাখ ৬০ হাজার ডলারের পণ্য রফতানি হয়েছে। এর আগের অর্থবছরের একই সময়ে পণ্য রফতানি হয়েছিল ২ হাজার ৪৬৯ কোটি ৮৫ লাখ ৫০ হাজার ডলারের। এ হিসেবে আলোচ্য সময়ে পণ্য রফতানি বেড়েছে ১০ দশমিক ৫৮ শতাংশ।

সোমবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ‘র হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

অর্থমূল্য বিবেচনায় বাংলাদেশ থেকে রফতানি হওয়া শীর্ষ পাঁচটি পণ্য হলো পোশাক, হোম টেক্সটাইল, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য এবং পাট ও পাটজাত পণ্য। পরিসংখ্যান বলছে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম ছয় মাসে দেশের মোট রফতানির ৯২ দশমিক ৩৫ শতাংশ জুড়েই ছিল এ পাঁচ পণ্য।

২০২১-২২ অর্থবছরের প্রথম ছয় মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে পোশাক রফতানি বেড়েছে ১৫ দশমিক ৫৬ শতাংশ। অন্যদিকে হোম টেক্সটাইল পণ্যের রফতানি কমেছে ১৬ দশমিক শূন্য ২ শতাংশ। চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি বেড়েছে ১৩ শতাংশ। পাট ও পাটজাত পণ্যের রফতানি কমেছে বা ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে ১৭ দশমিক ৬৫ শতাংশ এবং কৃষিপণ্যের রফতানি কমেছে ২৩ দশমিক ২৬ শতাংশ।

ইপিবি প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি রফতানি হওয়া পণ্য পোশাক খাতের। মোট রফতানির ৮৪ দশমিক ২০ শতাংশই তৈরি পোশাক। আলোচ্য সময়ে বাংলাদেশ থেকে ২ হাজার ২৯৯ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলারের পোশাক রফতানি হয়েছে। গত অর্থবছরের একই সময়ে রফতানি হয়েছিল ১ হাজার ৯৯০ কোটি ডলারের তৈরি পোশাক।

ইপিবির পরিসংখ্যানে দেখা যাচ্ছে, সমাপ্ত ডিসেম্বরে ৫৩৬ কোটি ৫১ লাখ ৯০ হাজার ডলারের পণ্য রফতানি করেছে বাংলাদেশ। গত বছরের ডিসেম্বরে পণ্য রফতানি হয়েছিল ৪৯০ কোটি ৭৬ লাখ ৮০ হাজার ডলারের। এ হিসাবে ডিসেম্বরে রফতানি বেড়েছে বা ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৩৩ শতাংশ।

এদিকে পোশাক পণ্য প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ জানিয়েছে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম ছয় মাসে দেশের রফতানি তথ্যের ক্যাটাগরি অনুযায়ী নিটওয়্যার রফতানির পরিমাণ ছিল ১২ দশমিক ৬৬ বিলিয়ন মার্কিন ডলার। যার প্রবৃদ্ধি গত বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৪২ শতাংশ। একই সময়ে, ওভেন পোশাকের রফতানি হয়েছে ১০ দশমিক ৩৩ বিলিয়ন ডলারের। ২০২১-২২  অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১৮ দশমিক ২৯ শতাংশ বৃদ্ধি বেড়েছে। ২০২২ সালের ডিসেম্বরে পোশাক রফতানি হয়েছে ৪ দশমিক ৬৭ বিলিয়ন মার্কিন ডলারের, যা একক মাসে রেকর্ড পরিমাণ সর্বোচ্চ রফতানি। ডিসেম্বরে তৈরি পোশাক রফতানির প্রবৃদ্ধি ছিল ১৫ দশমিক ৩৫ শতাংশ।

বিজিএমইএ পরিচালক মো. মহিউদ্দিন রুবেল বলেন, ‘যদি আমরা ক্যালেন্ডার বছরের তথ্য বিবেচনা করি, তাহলে ২০২২ সালে বাংলাদেশের তৈরি পোশাক রফতানিতে একটি নতুন মাইলফলক রচিত হয়েছে। বিজিএমইএর বিশ্লেষণে ২০২১ সালের তুলনায় বাংলাদেশের তৈরি পোশাক রফতানি ২০২২ সালে ২৭ দশমিক ৬৪ শতাংশ বেড়ে ৪৫ দশমিক ৭০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। নিটওয়্যার রফতানির পরিমাণ ২৪ দশমিক ৭১ বিলিয়ন, যেখানে ওভেন পোশাক রফতানি হয়েছে ২০ দশমিক ৯৯ বিলিয়ন মার্কিন ডলারের। যার প্রবৃদ্ধি ২০২২ সালে গত বছরের তুলনায় যথাক্রমে ২৬ দশমিক ১১ এবং ২৯ দশমিক ৪৮ শতাংশ।’

পোশাক শিল্পের এ সাফল্যে সব উদ্যোক্তা, বিজিএমইএর সব সহকর্মী এবং এ শিল্পের সব শ্রমিককে অভিনন্দন জানান মো. মহিউদ্দিন রুবেল। একইসঙ্গে এ শিল্পের সব সংকটে সার্বিক সহায়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জানান তিনি।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)