Metro Rail Off

প্রথম ৪ দিনে মেট্রোরেলের আয় সাড়ে ৩৬ লাখ টাকার বেশি

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যিকভাবে মেট্রোরেল চালিয়ে প্রথম চারদিনে সাড়ে ৩৬ লাখ টাকার বেশি আয় করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। 

সোমবার (২ জানুয়ারি) ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, গত চারদিনে মেট্রোরেলের ২৫ হাজার ১৭৪টি সিঙ্গেল জার্নি টিকিট (এসজেটি) ও তিন হাজার ৭৪১টিএমআরটি পাস বিক্রি হয়েছে। এসব থেকে আয় হয়েছে ৩৬ লাখ ৬৫ হাজার ৮৯০ টাকা।

চতুর্থ দিন অর্থ্যাৎ ১ জানুয়ারি ৯ লাখ ১৬ হাজার ৩৪০ টাকার টিকিট বিক্রি করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এছাড়া ৩১ ডিসেম্বর টিকিট বিক্রি হয়েছে ৫ লাখ ৫৭ হাজার ৭১০ টাকার।

৩০ ডিসেম্বর ১ লাখ ৩৯ হাজার ৯৮০ টাকার এবং প্রথম দিন অর্থাৎ ২৯ ডিসেম্বর ৩ লাখ ৯৩ হাজার ৫২০ টাকার টিকিট বিক্রি হয়েছে।

এদিকে আজ (সোমবার) মেট্রোরেল চালুর পঞ্চম দিন। আজ রাত ৯টা পর্যন্ত মেট্রোরেলের টিকিট বিক্রি হচ্ছে বলে এখনো পঞ্চম দিনের সঠিক তথ্য হাতে পাওয়া যায়নি।

আগামীকাল (মঙ্গলবার) মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধের দিন। ওইদিন কোনো যাত্রী পরিবহন করবে না দ্রুতগতির বিদ্যুৎ চালিত মেট্রোট্রেন।

এর আগে গত ২৮ ডিসেম্বর বাংলাদেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর প্রথম অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২৯ ডিসেম্বর থেকে যাত্রী নিয়ে উত্তরা উত্তর (দিয়াবাড়ি) স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত নিয়মিত চলাচল করছে মেট্রোট্রেন।

প্রাথমিকভাবে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা চালানো হচ্ছে মেট্রোট্রেন।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)