নিজস্ব সংস্কৃতি রক্ষায় মনোযোগি হওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: বাঙালি জাতির স্বকীয়তা বজায় রাখতে নিজস্ব সংস্কৃতি লালন ও রক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্যও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি আজকে নানা হুমকির সম্মুখীন। কারণ, আমাদের ছোটবেলায় আমরা দেখেছি, আমাদের অগ্রজরা বাড়িতে কোনো বিয়ের সময় সপ্তাহ ধরে বাংলা গানের চর্চা করতো সেগুলো গায়ে হলুদ এবং বিয়ের অনুষ্ঠানে পরিবেশন করবে বলে। আজ সেখানে অন্য ভাষার গানের চর্চা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ‘হুজ হু বাংলাদেশ- ২০২২ এই অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপস্থিত গুণীজনসহ সবার প্রতি তথ্যমন্ত্রী এ আহ্বান জানান।
ড. হাছান বলেন, কোনো জাতির সংস্কৃতিকে যখন ভিনদেশি সংস্কৃতি গ্রাস করে, তখন জাতির স্বকীয়তা হারিয়ে যায়। তাই এ ক্ষেত্রে মনোযোগ দিতে হবে।
গ্লোবাল ইসলামী ব্যাংকের পরিচালক ড. মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজ ও সংস্কৃতিতে অবদানের জন্য কণ্ঠশিল্পী রুনা লায়লা, চিত্রশিল্পী রফিকুন্নবী, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ড. মো. শারফুদ্দিন আহমেদ, সাহিত্যিক ড. অগাস্টিন ক্রুজ, ঢাকা আহছানিয়া মিশনের পরিচালক কাজী রফিকুল আলম, ক্রীড়াবিদ সাবরিনা সুলতানা, কৃষিবিদ কোহিনুর কামাল, এস এস গ্রুপের সত্ত্বাধিকারী মু. আবু সাদেক, স্ট্যান্ডার্ড ফিনিস অয়েল কোম্পানির ম্যানেজিং পার্টনার সুলাইমান এস আযানী, নারী উদ্যোক্তা নাসিমা আক্তার নিশা এবং প্রতিষ্ঠান হিসেবে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রতিনিধিদের হাতে ‘হুজ হু বাংলাদেশ অ্যাওয়ার্ড’ আয়োজকদের পক্ষে পুরস্কার স্মারক তুলে দেন তথ্যমন্ত্রী।
বিনিয়োগবার্তা/এসএল//



