বাংলাদেশ সম্পর্কে বিদেশিদের সুপারিশ অলীক
নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ সম্পর্কে বিদেশিদের জ্ঞান খুবই সীমিত। বিদেশিরা আমাদের মাঝেমধ্যে যে সুপারিশ দেয় সেগুলো অলীক মনে হয়। বাংলাদেশের মানুষই এই দেশ সম্পর্কে সবচেয়ে ভালো জানে।
বুধবার (৪ জানুয়ারি) সিলেট সিভিল সার্জনের কার্যালয়ে কমিউনিটি ক্লিনিক বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, কমিউনিটি ক্লিনিকের কারণে দেশে যে কত উন্নয়ন হচ্ছে তা আমরা টের পাচ্ছি না। কমিউনিটি ক্লিনিক হওয়ার ফলে দেশে মাতৃমৃত্যু-শিশুমৃত্যু অনেক কমে গেছে।
তিনি আরো বলেন, বাংলাদেশে মানবাধিকার, গণতন্ত্র, ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ৩০ লাখ লোক রক্ত দিয়েছে। পৃথিবীর আর কোথাও এমন নজির নেই। এ দেশে প্রতিটি মানুষের হৃদয়ে গণতন্ত্র রয়েছে। বাংলাদেশের মতো গণমাধ্যমের স্বাধীনতা অন্য কোথাও নেই। এখানে সাড়ে ১২ হাজার পত্রিকা ও ৪৫টি টেলিভিশন আছে। অনেকগুলো সাময়িকী আছে। আর কোথাও এমন নেই। মিডিয়া বিদেশিদের নিয়ে হইচই বন্ধ করলে তারা ঘরে বসে থাকবে। মিডিয়া কাভারেজ পেলে বিদেশিরা নিজেদের রাজা মনে করে।
ড. মোমেন বলেন, এই দেশে নির্বাচনে ৭০-৮০ শতাংশ লোক ভোট দেয়। অনেক দেশে ২৫-৩০ শতাংশ লোকও ভোট দেয় না। সেই সব দেশের লোকজন নিজেদের দিকের না তাকিয়ে আমাদের নিয়ে কথা বলতে আসে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১৪ বছরে বাংলাদেশ সর্বক্ষেত্রে অভাবনীয় উন্নতি করেছে। আমরা দারিদ্র্য অর্ধেকে নামিয়েছি। এখানে শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করছে। যেহেতু আমরা উন্নতি করছি তাই অনেকের চোখে পড়ছে। অনেকে ফায়দাও লুটতে চাচ্ছেন। এ জন্য তারা মিথ্যা তথ্য দিয়ে অশান্তি সৃষ্টি করতে চায়। তারা নিজের পা কেটে হলেও দেশের ক্ষতি করতে চায়।
এর আগে, মতবিনিময় সভায় স্বাস্থ্য বিভাগ সিলেটের পরিচালক ডা. হিমাংশু লাল রায়, সিভিল সার্জন ডা. এস এম শাহরিয়ারসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/এমআর//



