বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সীমান্ত হত্যার বিষয়টি ভারতকে জানিয়েছি

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ভারতের কাছে অপ্রিয় সত্য তুলে ধরতে কখনো পিছপা হইনি। গত সপ্তাহে সীমান্ত হত্যার বিষয়টি ভারতের কাছে আমরা কূটনৈতিক ভাষায় জানিয়েছি।

বুধবার (৪ জানুয়ারি) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন। ‘বাংলাদেশ-ভারত অনন্য বন্ধুত্বে হাসিনা-মোদির শাসনকাল: গণমাধ্যমের ভূমিকা’- শীর্ষক এ সেমিনারের আয়োজন করে সূর্যবার্তা মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন।

তিনি বলেন, কিছু কিছু জায়গায় সীমান্ত হত্যা শূন্যের কোটায় নেমে এসেছে। তবে সীমান্ত হত্যা লালমনিরহাটে ইদানীং বেশি হচ্ছে, কেন সেটা হচ্ছে তা আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি। সীমান্ত হত্যা শূন্যের কোটায় আসবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, গত ১০ বছরে বাংলাদেশ-ভারত সম্পর্কে অর্জন অনেক। তবে দুই দেশে অনেক ভুল ও মিথ্যা তথ্য ছড়ানো হয়ে থাকে। এটা যেন না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।

তিনি বলেন, করোনাকালে ভারত যে টিকা দিয়েছিল, সেই টিকা আমরা প্রথমেই ফ্রন্ট লাইনারদের দিয়েছিলাম। ভারত থেকে আমরা ৪/৫ ডলারে টিকা পেয়েছি। সেই টিকা পরবর্তীতে অন্য দেশ থেকে ২১/২২ ডলারে নিতে হয়েছে। তবে সেই সময়ে আমরা ভারতকে অ্যাপ্রিশিয়েট করতে ব্যর্থ হয়েছি।

শাহরিয়ার আলন বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্কে আমরা বঙ্গবন্ধুকন্যার প্রতি আস্থা রাখতে চাই। আজ থেকে ১২ বছর আগে এদেশে ট্রানজিট একটি রাজনৈতিক হাতিয়ার ছিল। এখন আর সেটা নেই।

তিনি বলেন, দুই দেশ সমতার ভিত্তিতে একে অপরকে দেখছে। ট্রানজিটের আওতা অনেক বাড়ানো হচ্ছে।

শাহরিয়ার আলন বলেন, ভারত থেকে বিদ্যুৎ আমদানি করছি আমরা। আগামী তিন মাসের মধ্যেই সেখান থেকে আমদানি ২ হাজার মেগাওয়াট হবে।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)