3068645

হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, শিশুসহ নিহত ৫

নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশায় হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন। শনিবার (৭ জানুয়ারি) ভোরে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহপুর নতুনবাজার এলাকার মেটাডোর কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শুকনাদি গ্রামের প্রবাসী ৩৫ বছরের সালাম মিয়া, ১২ বছরের সিহাব মিয়া, ২০ বছরের সাফিয়া বেগম ও সাফিয়ার ১ বছরের শিশু হাবিবা জান্নাত এবং একই উপজেলার দশভাগ গ্রামের মাইক্রোবাস চালক ৩৫ বছরের সাতির আলী। 

নিহতদের স্বজন শুকনাদি গ্রামের নওশাদ আহমেদ জানান, মালয়েশিয়া প্রবাসী সালাম মিয়াকে ঢাকা বিমানবন্দর থেকে আনতে শুক্রবার বিকেলে তারা ঢাকা যান। রাতে ঢাকা থেকে ফেরার পথে ঘন কুয়াশার মধ্যে উপজেলার শাহপুর নতুন বাজার এলাকায় তাদের মাইক্রোবাসটি পৌঁছলে সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসে থাকা শিশু ও চালকসহ ৫ জন মারা যান। আহত হয়েছেন একই মাইক্রোবাসের যাত্রী রাজু আহমেদ ও তার বাবা নূর ইসলামসহ এক বৃদ্ধ। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাধবপুর থানার রাতের টহল অফিসার মনিরুল হক মুন্সি বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করা হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বিনিয়োগবার্তা/এসএল/এসএএম//


Comment As:

Comment (0)