ঢাকা ক্যাটল এক্সপোর সমাপনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মকর্মসংস্থানে উৎসাহিত করার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, যুবসমাজকে আত্মকর্মসংস্থানে উৎসাহিত করতে ঢাকা ক্যাটল এক্সপো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে যুবসমাজ উদ্বুদ্ধ হবে। এ ধরনের এক্সপো বেশি বেশি আয়োজন করলে উদ্যোক্তা সৃষ্টি হবে।

শনিবার (৭ জানুয়ারি) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদফতর আয়োজিত দুই দিনব্যাপী ‘ঢাকা ক্যাটল এক্সপো-২০২৩’ এর সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে অনেক উদ্যোক্তা সৃষ্টি হয়েছে। সরকার যুব উদ্যোক্তাদের প্রয়োজনীয় ঋণসহ সব ধরনের সহযোগিতা করছে। আমরা ইতোমধ্যে মাংসে স্বয়ং সম্পন্ন হয়েছি। কোরবানির সময় এখন আর গরু বা পশু আমদানি করতে হয় না। গবাদি পশু উৎপাদন বাড়ার কারণে আমাদের অভ্যন্তরীণ চাহিদা পূরণ হচ্ছে। এতে আমাদের যুবসমাজের অনেক অবদান রয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। ২০২৬ সালে আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করে উন্নয়নশীল দেশে পরিণত হবো। দেশের রফতানি বেড়েই যাচ্ছে। 
আগামী ২০২৪ সালে দেশের রফতানি ৮০ বিলিয়ন মার্কিন ডলার করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। করোনার মধ্যেও আমরা গত অর্থবছরে ৬১ বিলিয়ন মার্কিন ডলার রফতানি করেছি। এ বছর ৬৭ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

টিপু মুনশি আরো বলেন, আমরা সম্মিলিতভাবে কাজ করলে বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে বেশি সময় লাগবে না। ২০৪১ সালে উন্নত দেশের কাতারে পৌঁছাতে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছি।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক মো. আজহারুল ইসলাম খান। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ক্যাটল ফার্মারস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রমজান আলী ড্যানী।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)