ই-টিকিটিংয়ে আরও ১৫ পরিবহন

ই-টিকিটিংয়ের আওতায় আসছে আরও ১৫ পরিবহন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগরীর বাসগুলো চলবে ই-টিকিটিং ব্যবস্থায়। প্রথম পর্যায়ের সফলতার পর দ্বিতীয় পর্যায়ে বেশ কয়েকটি রুটের বাসে ই-টিকিটিং ব্যবস্থা শুরু করতে যাচ্ছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। এতে যাত্রীরা বাসের ভেতরে টাকা দিয়ে কন্ডাক্টরের কাছে থাকা মেশিন থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। 

রবিবার (৮ জানুয়ারি) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদপুর, মিরপুর, গুলিস্তান ও আজিমপুর অঞ্চলের ১৫টি পরিবহন কোম্পানিতে এই ই-টিকিটিং ব্যবস্থা চালু করতে যাচ্ছে ঢাকার পরিবহন মালিকদের এই সমিতি। এ বিষয়ে পরিবহন মালিকরা সমিতির সিদ্ধান্তে একমত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীতে দ্বিতীয় পর্বে ১৫টি পরিবহন কোম্পানিতে ই-টিকিটিং চালুর বিষয় সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ উপস্থিত থাকবেন।

সোমবার (৯ জানুয়ারি) সমিতির কার্যালয়ে দুপুর ১২টায় সংবাদ সম্মেলনও ডাকা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) পরীক্ষামূলকভাবে পাঁচটি কোম্পানির বাসে ই-টিকিটিং ব্যবস্থা চালু করা হয়। এ সময় প্রজাপতি পরিবহন, পরিস্থান পরিবহন, অছিম পরিবহন, নূর-ই মক্কা পরিবহন ও বসুমতির বাসে ই-টিকিট ব্যবস্থা চালু করা হয়।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)