আগারগাঁওয়ের ‘ডিএনসিসি–ঐক্য হলিডে মার্কেট’ উদ্বোধনকালে বাণিজ্যমন্ত্রী
হলিডে মার্কেটের পরিধি আরও বাড়িয়ে সুন্দরভাবে পরিচালনার উদ্যোগ নিতে হবে
নিজস্ব প্রতিবেদক: হলিডে মার্কেটের পরিধি আরও বাড়িয়ে সুন্দরভাবে পরিচালনার উদ্যোগ নিতে হবে বলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
শুক্রবার (১৩ জানুয়ারি) আগারগাঁওয়ের আইসিটি সড়কে ‘ডিএনসিসি–ঐক্য হলিডে মার্কেট’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
বাণিজ্যমন্ত্রী বলেন, এ হলিডে মার্কেট অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হতে হবে। কোনোভাবেই যেন এর মিস ম্যানেজমেন্ট না হয়। আর এর পরিধি আরও বাড়িয়ে সুন্দরভাবে পরিচালনার উদ্যোগ নিতে হবে ডিএনসিসিকে।
তিনি বলেন, হলিডে মার্কেটের সূচনা করলো ডিএনসিসি। তাদের এ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। পাশাপাশি বলতে চাই এমন সব উদ্যোগে নারী উদ্যোক্তাদের সম্পৃক্ত করুন। নারীরা যে তাদের উদ্যোগগুলো নিয়ে আরও এগিয়ে যেতে পারে।’
বক্তব্য শেষে বাণিজ্যমন্ত্রী এবং ডিএনসিসি মেয়র বেলুন উড়িয়ে হলিডে মার্কেটের উদ্বোধন করেন। এসময় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে স্টলগুলো ঘুরে দেখেন ডিএনসিসি মেয়র।
এটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রথম ‘হলিডে মার্কেট’। দেশের কুটিরশিল্প, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের নানা ধরনের পণ্য ও খাদ্যপণ্য নিয়ে চালু করা হয়েছে এ মার্কেটটি। সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার সবার জন্য উন্মুক্ত থাকবে। এসএমই উদ্যোক্তাদের পণ্যের বিক্রয় ও বিপণন এবং এসএমই খাতকে এগিয়ে নিতে ডিএনসিসি এবং ঐক্য ফাউন্ডেশন প্রথমবারের মতো এ উদ্যোগ নিয়েছে।
বিনিয়োগবার্তা/এসএএম//



