বিএনপি ১৮

ডোনাল্ড লু’র বক্তব্য নিয়ে মিথ্যাচার করেছে সরকার: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র বক্তব্য নিয়ে সরকার মিথ্যাচার করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘সরকার মিডিয়াকে ব্যবহার করে জোর করে বলতে চেয়েছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান পরিবর্তন করেছে। তারা এ নিষেধাজ্ঞা (র্যাবের ওপর) তুলে নেবে। কিন্তু গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাস থেকে যে বিবৃতি দেয়া হয়েছে, দ্যাট ইজ এনাফ টু এক্সপ্লেইন দিস, দূতাবাসের সেই স্টেটমেন্টে বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে। অতীতেও এই আওয়ামী লীগের গণবিরোধী সরকার তারা সবসময় মিথ্যাচার করে এসেছে। খুব দুঃখের লজ্জার বিষয় এই মিথ্যাচারটা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী তিনি ঢাকা ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এগুলো করা হয়েছে এবং সাথে সাথেই দূতাবাস তারা সেটার প্রতিবাদও জানিয়েছে।’

লু’র সফর নিয়ে বিএনপির পর্যবেক্ষণ কি জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘আমরা বরাবরই যেটা মনে করি যে, বিদেশের শক্তির ওপর নির্ভর করে কখনো গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা যায় না। জনগণের শক্তির উপরেই এখানে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে বরাবর। এবারও আপনারা লক্ষ্য করেছেন যে, জনগণ এই সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে, জনগণ সমস্ত বাধা-বিপত্তি-নির্যাতনকে উপেক্ষা করে শান্তিপূর্ণভাবে তাদের যে প্রতিবাদ যেটা তারা জানাচ্ছে, সেভাবে তারা সংগঠিত হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আমরা যেটা লক্ষ্য করছি, গণতন্ত্রের ব্যাপারে যুক্তরাষ্ট্রের কমিটমেন্ট তারা খুব অত্যন্ত দৃঢ়তার সঙ্গে প্রকাশ করেছে।’

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘কীভাবে মন্ত্রীরা বলেন, নিষেধাজ্ঞা উঠে যাবে। এ কথা তিনি (লু) বলেননি। আমরা কিন্তু এই নিষেধাজ্ঞা আরোপে খুব আনন্দিত নই। আমরা বারবার বলেছি, এই নিষেধাজ্ঞা মানে হচ্ছে আমাদের জন্য লজ্জাজনক, বাংলাদেশের জন্য লজ্জাজনক যে, একটা প্রতিষ্ঠানের উপরে নিষেধাজ্ঞা এসেছে। এই নিষেধাজ্ঞা আসা উচিত সরকারের উপরে। কারণ সরকারের নির্দেশে এই সমস্ত ঘটনা ঘটেছে।’

নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের অবস্থান পরিষ্কার। আমরা তো বলেই দিয়েছি যে, আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবো না। এটা খুব পরিষ্কার কথা। আমরা বিশ্বাস করি, এই সরকারের অধীনে বর্তমান প্রধানমন্ত্রী যিনি আছেন, তার অধীনে এখানে কখনোই নির্বাচন সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য হতে পারবে না।

বিএনপির সঙ্গে ডোনাল্ড লু’র কোনো সাক্ষাতের কর্মসূচি ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, না আমাদের সঙ্গে তার কোনো প্রোগ্রাম ছিল না। এবার কিন্তু কোনো রাজনৈতিক দলের সঙ্গে তারা কোনো বৈঠক করেনি।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)