২ মাসে সারাদেশে ঠান্ডাজনিত রোগে ৮৮ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: সারাদেশে শীতের প্রকোপ বেড়েছে। কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ চলছে। তীব্র শীতের কারণে নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসতন্ত্রের প্রদাহজনিত অসুস্থতাসহ শীতকালীন বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ঠান্ডাজনিত রোগে তিন জনের মৃত্যু হয়েছে।
২০২২ সালের ১৪ নভেম্বর থেকে বর্তমান বছরের ১৮ জানুয়ারি পর্যন্ত সারা দেশে শ্বাসযন্ত্রের সংক্রমনে ৮৫ এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশুসহ তিন জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ১৪ নভেম্বর থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সারা দেশে শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত রোগে আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৪৭৮ জন। এর মধ্যে মারা গেছেন ৮৫ জন। শীতকালীন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন তিন লাখ ৪৭ হাজার ১৯০ জন। আর এতে মারা গেছেন তিনজন।
অপরদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে শীতকালীন রোগ অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনস (এআরআই) এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তিন হাজার ৩১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময় মারা গেছেন তিন জন।
চিকিৎসকরা বলছেন, দেরিতে হাসপাতালে যাওয়ার কারণে শীতকালীন রোগের তীব্রতা বাড়ছে ও মৃত্যু হচ্ছে।
বিনিয়োগবার্তা/এমআর//



