কর্মক্ষেত্রেই প্র্যাকটিসের সুবিধা পাবেন চিকিৎসকরা
নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘সরকারি চিকিৎসকগণ যে হাসপাতালে চাকরি করছেন, তারা ওই হাসপাতালেই প্র্যাকটিস করবেন। আগামী ১ মার্চ থেকে পাইলট কর্মসূচির মধ্য দিয়ে এ ইনস্টিটিউশনাল প্র্যাকটিস কার্যক্রম শুরু হবে।
রবিবার (২২ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
সরকারি হাসপাতালে নির্দিষ্ট ডিউটির পর ডাক্তাররা এটি করতে পারবেন বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, ডাক্তাররা কোথায় বসবেন, তাদের ফি কত হবে এবং কারা কারা রোগী দেখবেন, কতক্ষণ দেখবেন; সব বিষয়ে আমাদের কথা হয়েছে। এ বিষয়ে টিম গঠন করে দেওয়া হয়েছে। আমরা আশা করছি, আমাদের স্বাধীনতার মাস মার্চ থেকে আমরা প্রাতিষ্ঠানিক প্র্যাকটিস শুরু করতে পারব। পর্যায়ক্রমে আমাদের এ সংক্রান্ত পাইলট প্রজেক্ট বাস্তবায়ন শুরু হবে। এটি একেবারে ছোট না। পঞ্চাশটি উপজেলা থাকবে, ২০টি জেলা ও পাঁচটি মেডিকেল কলেজ থাকবে। এ নিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি।
এর মাধ্যমে জনগণ আরেকটু ভালো স্বাস্থ্যসেবা পাবেন উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে গিয়ে তারা চিকিৎসক পাবেন। যারা ভর্তি আছেন, তারাও চিকিৎসা পাবেন। একসঙ্গে অনেক ডাক্তার পাওয়া যাবে। সেখানে পরীক্ষা-নিরীক্ষারও ব্যবস্থা থাকবে।
জাহিদ মালেক বলেন, বাইরে ডাক্তার দেখাতে যে খরচ হয়, তার চেয়ে কমে এই সেবা পাওয়া যাবে। এটি আমাদের উদ্যোগ। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা আমরা চাই।
বিনিয়োগবার্তা/এমআর//



