বিজিবির নতুন মহাপরিচালক নাজমুল হাসান
নিজস্ব প্রতিবেদক: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল একেএম নাজমুল হাসান। প্রেষণে এ নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নাজমুল হাসান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে বিজিবির মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা মেজর জেনারেল সাকিল আহমেদকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি ন্যস্ত করা হয়েছে সশস্ত্র বাহিনী বিভাগে। একই সঙ্গে প্রেষণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক করা হয়েছে মেজর জেনারেল একেএম আমিনুল হককে। এজন্য তার চাকরিও জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করা হয়েছে। এছাড়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন খানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
বিজিবি মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেয়া মেজর জেনারেল একেএম নাজমুল হাসান ১৯৬৯ সালের ২ জানুয়ারি ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৬ সালের ১৫ জুলাই ১৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগ দেন। ১৯৮৮ সালের ২৪ জুন বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন লাভ করেন। একেএম নাজমুল হাসান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব সায়েন্স (বিএসসি) ডিগ্রি ও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব ডিফেন্স স্টাডিজ (এমডিএস) ডিগ্রি অর্জন করেন। তিনি মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে আর্মি স্টাফ কোর্স ও বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) সম্পন্ন করেন।
তিনি বাংলাদেশ সেনাবাহিনীর স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকসে জেনারেল স্টাফ অফিসার গ্রেড-৩ (প্রশিক্ষণ), একটি কম্পোজিট ব্রিগেডের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডজুট্যান্ট অ্যান্ড কোয়ার্টার মাস্টার জেনারেল ও আর্মি হেডকোয়ার্টার্সে ডেপুটি প্রভোস্ট মার্শালের দায়িত্ব পালন করেন। এছাড়া ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সে (ডিজিএফআই) কর্নেল জেনারেল স্টাফ, কুমিল্লা, ডিটাচমেন্ট কমান্ডার, ঢাকা এবং ডিজিএফআই সদর দপ্তরে কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
বিনিয়োগবার্তা/এসএএম//



