BGMEA008

সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে বিজিএমইএ’র আর্ট ক্যাম্প আয়োজন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) তার প্রধান ফোকাস, বাংলাদেশের পোশাক শিল্পের প্রচার ও  প্রসারের পাশাপাশি বাংলাদেশকে ব্র্যান্ডিং করার উদ্যোগের অংশ হিসেবে ‘মেড ইন বাংলাদেশ উইথ প্রাইড আর্ট ক্যাম্প ২০২৩’ শীর্ষক একটি আর্ট ক্যাম্পের আযোজন করেছে।

বিজিএমইএ বাংলাদেশের স্বনামধন্য এবং নতুন শিল্পীদের অমূল্য শিল্পকর্মের মাধ্যমে এদেশের ঐতিহ্য, সংস্কৃতি এবং শিল্প তুলে ধরার মাধ্যমে দেশের পোশাক শিল্প এবং জাতিকে ব্র্যান্ডিং করার কয়েকটি উদ্যোগে নিজেকে নিযুক্ত করেছে।

আর্ট ক্যাম্পে মনিরুল ইসলাম, শাহাবুদ্দিন আহমেদ,  হাশেম খান, আবুল বারক আলভী, আবদুস শাকুর শাহ, আবদুল মান্নান, মোহাম্মদ ইউনুস, জামাল আহমেদ, শিশির ভট্টাচার্য, ফরিদা জামান, হামিদুজ্জামান খান, নাঈমা হক, রোকেয়া সুলতানা, ঢালী আল মামুন, শহীদ কবির, আহমেদ শামসুদ্দোহা, হোসেন শেখ আফজাল, মোহাম্মদ ইকবাল, মোস্তাফিজুল হক, মোস্তফা জামান মিঠু, আফরোজা জামিল কনকা, সোহানা শাহরীনসহ দেশের মোট ৬২ জন বিখ্যাত চিত্রশিল্পী যোগ দিয়ে ছবি আঁকায় অংশগ্রহন করেন। 

২৯ জানুয়ারি ২০২৩ উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আর্কেডিয়া আর্টস গ্যালারীর সহযোগিতায় বিজিএমইএ আযোজিত আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

আর্ট ক্যাম্পের লক্ষ্য ছিল সমকালীন চিত্রশিল্পের শিল্পের মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিত করতে চিত্রশিল্পীদের অবদানকে স্বীকৃতি দেয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমইএ এর সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, পরিচালক এম এ রহিম ফিরোজ, পরিচালক আসিফ আশরাফ, পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব, পরিচালক ব্যারিস্টার ভিদিয়া অমৃত খান, পরিচালক নীলা হোসনে আরা, বিজিএমইএ এর সাবেক সহ-সভাপতি মশিউল আজম সজল, বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন প্রেস, পাবলিকেশন  এন্ড পাবলিসিটি এর চেয়ারম্যান শোভন ইসলাম, বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন ফরেন মিশন সেল এর চেয়ারম্যান শামস মাহমুদ এবং জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন হাসান তিথী। 
 
দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, মন্ত্রী, রাষ্ট্রদূত, আন্তর্জাতিক ক্রেতা এবং অন্যান্য যারা নিয়মিত বিজিএমইএ পরিদর্শন করে থাকেন, তাদের জন্য বিজিএমইএ আর্ট গ্যালারিতে চিত্রগুলো প্রদর্শন করা হবে।

বিজিএমইএ সম্প্রতি ঢাকার উত্তরায় অবস্থিত তার নবনির্মিত প্রধান দপ্তরে আর্ট গ্যালারি চালু করেছে।

গ্যালারীটিতে বাংলাদেশের বিশিষ্ট শিল্পীদের শিল্পকর্ম  রয়েছে যা দেখে দর্শকরা বাংলাদেশের অপরূপ সৌন্দর্য, সমৃদ্ধশালী ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করবেন।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, শিল্প একটি শক্তিশালী হাতিয়ার এবং একটি দেশ সম্পর্কে বিদেশী জনগণের মনে ধারণা তৈরি করার একটি গুরুত্বপূর্ন মাধ্যম।
 
তিনি বলেন, “আমরা বিশ্ববাসীর সামনে আমাদের ইতিবাচক দিকগুলো উপস্থাপনের মাধ্যমে আমাদের দেশের সম্পর্কে তাদের ধারনার পরিবর্তন ঘটাতে চাই এবং শিল্প ও চিত্রের মাধ্যমে এই কাজটি করা যায়।”

তিনি আরও বলেন, বিজিএমইএ বাংলাদেশকে বিশ্বব্যাপী তুলে ধরার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এর ধারাবাহিকতায় “মেইড ইন বাংলাদেশ উইক” এর মতো বেশ কয়েকটি উদ্যোগ গ্রহন করেছে।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, “বাংলাদেশ অপার প্রাকৃতিক সৌন্দর্য এবং ইতিহাস, সংস্কৃতি ও  ঐতিহ্যে সমৃদ্ধশালী একটি সুন্দর দেশ। বাংলাদেশ  সম্পর্কে অনেক উৎসাহব্যঞ্জক গল্প রয়েছে, যা  বিশ্ববাসীর অজানা। আমরা বাংলাদেশের সৌন্দর্য ও  সম্ভাবনাকে বিশ্ব দর্শকদের কাছে তুলে ধরতে চাই।”

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)