সিলেট পাসপোর্ট অফিসে অভিযান, ৪ দালালকে কারাদণ্ড
সিলেট প্রতিনিধি: সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য ঠেকাতে অভিযানে নেমেছে জেলা প্রশাসন। মঙ্গলবার জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের দালালির অভিযোগে চারজনকে কারাদণ্ড দেয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন কিরন দেবনাথ (৫৬), মো. আব্দুল মতিন (৪৯), মো. রাজু আহমদ (৪০) ও পিয়াস মিয়া (২৪)।
অভিযান পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার শাহিনা আক্তার। তাকে সহযোগিতা করেন র্যাব-৯-এর মেজর মাহফুজুর রহমান ও সহকারী পুলিশ সুপার আফসান আল আলমসহ র্যাবের একটি দল। অভিযানে আরও উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক আব্দুর রাজ্জাক।
র্যাবের সিনিয়র এসএসপি আফসান আল আলম বলেন, গ্রাহকদের কাছ থেকে পাসপোর্টের জন্য নির্ধারিত ফির অতিরিক্ত টাকা আদায়ের দায়ে পিয়াস মিয়া ও মো. রাজু আহমদকে পাঁচ দিন এবং মো. আব্দুল মতিন ও কিরণ দেবনাথকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
বিনিয়োগবার্তা/ডিএম/এসএএম//



