আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডিমন্ত্রী

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কৃষিতে প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে হবে: এলজিআরডি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, কৃষিকাজে যন্ত্রের ব্যবহার ও উন্নত প্রযুক্তির সমন্বয় কৃষিকে সমৃদ্ধ করবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কৃষিতে প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া ও লিমরা ট্রেড ফেয়ার অ্যান্ড এক্সিবিশনের যৌথ উদ্যোগে আয়োজিত ১১তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কৃষি আমাদের অর্থনীতির অন্যতম প্রধান খাত। এই খাতকে যান্ত্রিকীকরণ করা হলে কৃষকরা আধুনিক চাষাবাদে অভ্যস্ত হতে পারবে।

তাজুল ইসলাম বলেছেন, দেশের সংকটকালীন অবস্থায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিকে অগ্রাধিকার দিয়ে উন্নয়নের নীতি গ্রহণ করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেরেছি। স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কৃষি ও কৃষকদের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে৷

১১তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলায় একটি সেমিনারও অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মঞ্জুরুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. মশিউর রহমান এনডিসি।

বিনিয়োগবার্ত/এমআর/এসএএম//


Comment As:

Comment (0)